জনপ্রিয় চিত্রনায়িকা পপির জন্মদিন আজ। বিশেষ এই দিনটি স্বামী ও সন্তানকে নিয়ে দেশের বাইরে উদ্যাপনের ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত ঢাকাতেই কাটছে তাঁর জন্মদিন। বড় কোনো আয়োজন না থাকলেও পরিবারের সদস্যদের নিয়েই দিনটি কাটাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের সময় জন্মদিন বেশ আড়ম্বরের সঙ্গে উদ্যাপন করতেন পপি। নানা ব্যস্ততা এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিতে নিতেই দিন কেটে যেত। তবে এখন অভিনয় থেকে দূরে থাকায় তাঁর ব্যস্ততা ও ভাবনার বড় অংশজুড়ে রয়েছে সংসার।জন্মদিন উপলক্ষে পপি বলেন, ‘আমার স্বামী আদনান আমার ভীষণ খেয়াল রাখে, আজকের দিনটিও সে আনন্দে ভরিয়ে তুলবে। আমাদের একমাত্র সন্তান আয়াতও এই ছোট্ট বয়সে আমাকে বেশ বোঝে। দুজনকে নিয়ে আশা করছি দিনটি সুন্দরভাবে কেটে যাবে। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ ও ভালো রাখেন।’পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’।হঠাৎ চলচ্চিত্র থেকে আড়ালে চলে যাওয়ার কারণে তাঁর অভিনীত কয়েকটি সিনেমার কাজ স্থগিত হয়ে যায়। আপাতত অভিনয়ে ফেরার সম্ভাবনা না থাকলেও ভবিষ্যতে প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফেরার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পপি। এ ছাড়া নিজের বায়োপিকে অভিনয়েরও ইচ্ছা রয়েছে তাঁর। এ জন্য ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।