ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

বিনোদন

স্বামী-সন্তানকে নিয়ে ঢাকাতেই পপির জন্মদিন

স্বামী-সন্তানকে নিয়ে ঢাকাতেই পপির জন্মদিন

জনপ্রিয় চিত্রনায়িকা পপির জন্মদিন আজ। বিশেষ এই দিনটি স্বামী ও সন্তানকে নিয়ে দেশের বাইরে উদ্‌যাপনের ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত ঢাকাতেই কাটছে তাঁর জন্মদিন। বড় কোনো আয়োজন না থাকলেও পরিবারের সদস্যদের নিয়েই দিনটি কাটাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের সময় জন্মদিন বেশ আড়ম্বরের সঙ্গে উদ্‌যাপন করতেন পপি। নানা ব্যস্ততা এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিতে নিতেই দিন কেটে যেত। তবে এখন অভিনয় থেকে দূরে থাকায় তাঁর ব্যস্ততা ও ভাবনার বড় অংশজুড়ে রয়েছে সংসার।জন্মদিন উপলক্ষে পপি বলেন, ‘আমার স্বামী আদনান আমার ভীষণ খেয়াল রাখে, আজকের দিনটিও সে আনন্দে ভরিয়ে তুলবে। আমাদের একমাত্র সন্তান আয়াতও এই ছোট্ট বয়সে আমাকে বেশ বোঝে। দুজনকে নিয়ে আশা করছি দিনটি সুন্দরভাবে কেটে যাবে। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ ও ভালো রাখেন।’পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’।হঠাৎ চলচ্চিত্র থেকে আড়ালে চলে যাওয়ার কারণে তাঁর অভিনীত কয়েকটি সিনেমার কাজ স্থগিত হয়ে যায়। আপাতত অভিনয়ে ফেরার সম্ভাবনা না থাকলেও ভবিষ্যতে প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফেরার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পপি। এ ছাড়া নিজের বায়োপিকে অভিনয়েরও ইচ্ছা রয়েছে তাঁর। এ জন্য ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

মোশাররফ করিমের সঙ্গে টানা আট নাটকে সোহাগ

নাটকের পরিচিত মুখ এস এম আশরাফুল আলম (সোহাগ) সম্প্রতি গুণী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে টানা আটটি নাটকের কাজ শেষ করেছেন। শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে নাটকগুলোর চিত্রায়ন হয়েছে।এর মধ্যে সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় ‘আদর্শ শিক্ষক’ ও ‘গোয়েন্দাগিরি’ এবং তাইফুর জাহান আশিকের পরিচালনায় ‘জনতা হোটেল’, ‘সুখ দুঃখ’, ‘আপন মানুষ’, ‘ঘরে সংসার’ ও ‘গোয়েন্দাগিরি’সহ ছয়টি নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন সোহাগ।শুটিং শেষে ঢাকায় ফিরে বর্তমানে সুজিত বিশ্বাসের ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সোহাগ বলেন, ২০২১ সালে এস আর মজুমদারের ‘উলট পালট’ নাটকের মাধ্যমে প্রথম তাঁর সঙ্গে কাজের সুযোগ পান। মোশাররফ করিমকে সহযোগিতাপরায়ণ অভিনেতা উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সোহাগ। সোহাগের অভিনয়ের প্রশংসা করে মোশাররফ করিম বলেন, তিনি আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস হয়েছেন এবং ভালো করছেন। নাটকগুলোর গল্প দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মোশাররফ করিমের সঙ্গে টানা আট নাটকে সোহাগ

দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা দুই যুগ আগের

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের একটি পুরোনো সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছেন, বাড়ি দখলের ঘটনাটি প্রায় দুই যুগ আগের। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটে ভালো আছেন।সম্প্রতি একটি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলে দেওয়া তাঁর পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় আসে। সেখানে দিলারা জামানকে বলতে শোনা যায়, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে তৈরি করা বাড়িটি ভাড়াটিয়া দখল করে নিয়েছিল। এ কারণে তাঁকে ছোট একটি ভাড়াবাড়িতে থাকতে হচ্ছে বলেও ওই সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছিল।বিষয়টি নতুন করে আলোচনায় আসার পর দিলারা জামান গণমাধ্যমকে জানান, ঘটনাটি প্রায় ২৪ বছর আগের। ঢাকার শ্যামলীতে তাঁর বাবার দেওয়া ছয় কাঠা জমি নিয়ে ওই ঘটনা ঘটেছিল।দিলারা জামান বলেন, ‘আমার বাড়ি দখলের ঘটনাটি সত্য, কিন্তু তা প্রায় দুই যুগ আগের। ইন্টারভিউতে কথা প্রসঙ্গে বিষয়টি আসলেও সেখানে পুরো তথ্য স্পষ্টভাবে ওঠেনি।’তিনি জানান, জমিটির কাগজপত্র সঠিক থাকায় পরবর্তীতে আদালতের মাধ্যমে তিনি জমিটি ফেরত পান। পরে সেই জমি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি।শ্যামলীর সেই জমির বর্তমান অবস্থার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার ওই জমিটা ছিল শ্যামলীতে। ওখানে এখন দশতলা অ্যাপার্টমেন্ট উঠেছে। যখন ওইদিকে যাই, জায়গাটা দেখলে আবেগতাড়িত হই।’দিলারা জামান জানান, ২০০৮ সাল থেকে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন। বর্তমানে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট এই অভিনেত্রী। তিনি বলেন, এখন আমি ভালো আছি। আমার কোনো সমস্যা নেই।

দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা দুই যুগ আগের

ভক্তদের সমালোচনায় স্থগিত আইয়ুব বাচ্চুর গান নিয়ে ‘উত্তরাধিকার’

কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুন সংগীতায়োজনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছিল ‘উত্তরাধিকার’ নামে একটি ট্রিবিউট প্রকল্পের মাধ্যমে। তবে কয়েকটি গান প্রকাশের পর নতুন সংগীতায়োজন নিয়ে ভক্তদের একাংশের সমালোচনার মুখে প্রকল্পটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে গত ১৬ আগস্ট ২০টি গান নিয়ে এই ট্রিবিউট অ্যালবামের যাত্রা শুরু হয়। পরিকল্পনা ছিল, তাঁর জনপ্রিয় গানগুলো নতুন শিল্পীদের কণ্ঠে ও নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে তুলে ধরা হবে।এরই মধ্যে কয়েকটি গান প্রকাশের পর সংগীতায়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়া জানান আইয়ুব বাচ্চুর ভক্তদের একাংশ। বিষয়টি নিয়ে সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’ প্রকল্পের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।সরিয়ে নেওয়া হবে প্রকাশিত চার গানপ্রকল্পসংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশিত চারটি গান সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে প্রকাশের অপেক্ষায় থাকা আরও ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না।এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, আইয়ুব বাচ্চু সংশ্লিষ্ট সবার আবেগের জায়গা। তাঁর কালজয়ী সৃষ্টির যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন এ বিষয়ে সবাই একমত হয়েছেন।তিনি জানান, শিগগিরই আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে। তাঁদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল গঠন করা হবে। এরপর গানগুলো প্রকাশের উপযোগী মনে হলে সেগুলো আবার শ্রোতাদের কাছে তুলে দেওয়া হবে।প্রকল্পটি স্থগিত রাখার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও।শিল্পী-কলাকুশলীদের মধ্যে হতাশা‘উত্তরাধিকার’ প্রকল্প স্থগিত হওয়ায় এর সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তাঁরা তাঁর গান নতুনভাবে পরিবেশন করেছেন। এ উদ্যোগের পেছনে ব্যক্তিগত আর্থিক লাভের কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তাঁরা।শিল্পীদের ভাষ্য, কোনো গান শ্রোতাদের ভালো না লাগলে সেটি নিয়ে সমালোচনা করার অধিকার সবারই রয়েছে। তবে অন্য কেউ আইয়ুব বাচ্চুর গান গাইতে পারবেন না এমন ধারণাকে তাঁরা সমর্থন করেন না।প্রকাশ হয়েছিল সাত গান‘উত্তরাধিকার’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সাতটি গান প্রকাশ পেয়েছিল। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয় আইয়ুব বাচ্চুর বহুল জনপ্রিয় গান ‘রুপালি গিটার’।এ ছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়েছিল। ভক্তদের প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীদের মতামতের পর আপাতত থেমে গেছে ‘উত্তরাধিকার’-এর কার্যক্রম। এখন আইয়ুব বাচ্চুর পরিবারের সঙ্গে আলোচনার পর প্রকল্পটি নতুনভাবে কীভাবে এগোয়, সেটিই দেখার বিষয়।

ভক্তদের সমালোচনায় স্থগিত আইয়ুব বাচ্চুর গান নিয়ে ‘উত্তরাধিকার’

কানাডায় নির্মিত হচ্ছে ভায়োলেন্স

কানাডায় নির্মিত হতে যাওয়া প্রথম বাংলা ভাষার সিনেমা ‘ভায়োলেন্স’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির কয়েকটি ছবি প্রকাশ পাওয়ার পর সেই আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে একই সিনেমায় অধরা খান ও শিরীন শিলার অভিনয়ের খবর নতুন করে আলোচনায় এসেছে।একসময় মৌসুমী-শাবনূর কিংবা শাবনূর-পূর্ণিমার মতো জনপ্রিয় একাধিক নায়িকাকে একই সিনেমায় দেখা যেত। দীর্ঘ সময় পর অধরা খান ও শিরীন শিলার যৌথ কাস্টিং সেই পুরোনো দিনের আলোচনা আবারও সামনে এনেছে।বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে ‘ভায়োলেন্স’। সিনেমাটি পরিচালনা করছেন একসময় টেলিভিশনে অভিনয় করা কামাল হোসেন বাবর। শিগগিরই কানাডার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত শিরীন শিলা। তিনি বলেন, ভায়োলেন্স আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমায় আমার চরিত্রের অনেক গুরুত্ব রয়েছে। চরিত্রটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপাতত বিস্তারিত প্রকাশ করতে পারছি না। সময় হলেই বিস্তারিত জানাতে পারব।কানাডায় শুটিং হওয়ার বিষয়টিও শিরীনের কাছে বিশেষ আনন্দের। তিনি বলেন, কানাডার বিভিন্ন লোকেশনে শুটিং হবে-  এটাই সবচেয়ে বেশি ভালো লাগার। তবে আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে, এই সিনেমায় আমার প্রিয় বান্ধবী অধরাও আছে। কানাডায় আমরা একই সিনেমায় অভিনয় করব, তা কখনো কল্পনাও করিনি। আমি এখনো ঘোরের মধ্যে আছি, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। সবকিছু যেন ঠিকঠাক মতো হয়, সবার কাছে এই দোয়াই চাই।অধরা খানও শিরীন শিলার সঙ্গে একই সিনেমায় অভিনয়ের বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, শিরীন শিলা আমার খুব ভালো বন্ধু। কিছুদিন আগে সে কানাডায় এসেছে। তখনো জানতাম না যে আমরা এখানে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।বিদেশের মাটিতে বাংলা ভাষার সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করে অধরা বলেন, বিদেশের মাটিতে নিজেদের ভাষার সিনেমা করতে যাচ্ছি-এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন শুধু অপেক্ষা সবকিছু ঠিকঠাক হওয়ার। নেপথ্যের পুরো টিমকে ধন্যবাদ জানাই। কানাডার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে নির্মাণের আগেই ‘ভায়োলেন্স’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

কানাডায় নির্মিত হচ্ছে ভায়োলেন্স

দ্য ব্যাটম্যান পার্ট টু–তে কি স্কারলেট জোহানসন, বাড়ছে জল্পনা

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’ সিনেমার শুটিং। শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ্যে আসার পর সিনেমাটিকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। এর মূল কারণ, ভিডিওতে ব্যাটম্যানের বিখ্যাত গাড়ি ব্যাটমোবাইলের যাত্রী আসনে দেখা গেছে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের স্টান্ট ডাবলকে।সম্প্রতি গ্লাসগোর রাস্তায় ব্যাটমোবাইল নিয়ে একটি দ্রুতগতির ধাওয়া দৃশ্যের শুটিং করা হয়। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যাটমোবাইলের প্যাসেঞ্জার সিটে বসে আছেন স্কারলেট জোহানসনের স্টান্ট ডাবল।সাধারণত দুই আসনের ব্যাটমোবাইলে ব্যাটম্যান ছাড়া অন্য কোনো চরিত্রকে দেখা যায় না। তবে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রের উপস্থিতির প্রয়োজন হলে পাশের আসনটি ব্যবহার করা হয়। ফলে শুটিং সেটে স্কারলেটের স্টান্ট ডাবলের উপস্থিতি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—তাহলে কি সিনেমাটিতে বড় কোনো চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে?এ বিষয়ে এখনো সিনেমা কর্তৃপক্ষ কিংবা স্কারলেট জোহানসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বেশ কিছুদিন ধরেই এ নিয়ে গুঞ্জন রয়েছে। ধারণা করা হচ্ছে, গথামের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হার্ভি ডেন্টের স্ত্রী ‘গ্লিন্ডা ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে স্কারলেটকে।শুটিং সেটে তাঁর স্টান্ট ডাবলের উপস্থিতি সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে। তবে সিনেমায় তাঁর চরিত্রটি কী হবে, সেটি আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান’–এর সিক্যুয়েলটি পরিচালনা করছেন ম্যাট রিভস। সিনেমাটি ২০২৮ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দ্য ব্যাটম্যান পার্ট টু–তে কি স্কারলেট জোহানসন, বাড়ছে জল্পনা

আবারও পিছিয়েছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা। নতুন করে আগামী ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ প্রতিবেদন জমা দিতে না পারায় আদালতে সময়ের আবেদন করেন। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তা এবার নবমবারের মতো সময় পেলেন।১১ জনকে আসামি করে মামলামামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। পরে আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।মামলায় সামিরা হকের পাশাপাশি আসামি করা হয়েছে তাঁর মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।যেভাবে সালমান শাহকে বাসায় পাওয়া যায়মামলার এজাহারে বলা হয়েছে, দেশের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় ছিলেন।সেদিন সালমানের সঙ্গে দেখা করতে তাঁর মা নীলা চৌধুরী, বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী ও ছোট ভাই শাহরান শাহ বাসায় যান। পরিবারের সদস্যদের সিলেটে যাওয়ার কথা ছিল।বাসায় গিয়ে তাঁরা সালমানের স্ত্রী সামিরা ও কর্মচারী আবুলের কাছ থেকে জানতে পারেন, সালমান ঘুমিয়ে আছেন। একই সময়ে চলচ্চিত্র প্রযোজক সিদ্দিকও তাঁর সঙ্গে দেখা করতে বাসায় যান।সালমান ঘুমিয়ে আছেন জানতে পেরে তাঁর বাবা-মা পরে আবার আসবেন বলে বাসা থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে সালমানের বাবাকে জানান, তাঁর ছেলের ‘যেন কী হয়েছে’।খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ইস্কাটনের বাসায় ফিরে সালমানকে শোবার ঘরে পড়ে থাকতে দেখেন। এজাহারে দাবি করা হয়েছে, তখন কয়েকজন বহিরাগত নারী তাঁর হাত-পায়ে তেল মালিশ করছিলেন। রুবী নামের একজন নারীও সেখানে ছিলেন। এ সময় সামিরা সালমানের মাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।হাসপাতালে নেওয়ার পথে গলায় দড়ির দাগএজাহারের বর্ণনা অনুযায়ী, পরে সালমানকে হাসপাতালে নেওয়ার পথে পরিবারের সদস্যরা তাঁর গলায় দড়ির দাগ দেখতে পান। তাঁর মুখমণ্ডল ও পা নীলবর্ণ হয়ে গিয়েছিল।প্রথমে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সালমান শাহর মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। দীর্ঘ সময় পর দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে তাই তাঁর পরিবার ও ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন জমা দিতে আরও সময় চেয়েছেন তদন্ত কর্মকর্তা। আগামী ২৯ সেপ্টেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আবারও পিছিয়েছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

জাকারবার্গ এবার কঠোর ও আক্রমণাত্মক, আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’

ফেসবুকের উত্থানের গল্প নিয়ে নির্মিত আলোচিত সিনেমা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর প্রায় ১৬ বছর পর বড় পর্দায় ফিরছেন চিত্রনাট্যকার ও নির্মাতা অ্যারন সরকিন। এবার তাঁর নতুন সিনেমার নাম ‘দ্য সোশ্যাল রেকনিং’। তবে ফেসবুকের সাফল্যের গল্প নয়, নতুন সিনেমায় গুরুত্ব পাচ্ছে প্রতিষ্ঠানটি ও এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন সংকট, বিতর্ক ও অভিযোগ।সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেলারে গল্পের একটি ধারণা পাওয়া গেছে। এতে মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছেন জেরেমি স্ট্রং। আর ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাংবাদিক জেফ হরউইৎজের চরিত্রে দেখা গেছে জেরেমি অ্যালেন হোয়াইটকে।সিনেমার গল্পে আধুনিক জীবনে ফেসবুকের প্রভাব এবং এর নেতিবাচক দিক নিয়ে অনুসন্ধানে নামেন হরউইৎজ। ফেসবুকের কার্যক্রম ও এর সামাজিক প্রভাব নিয়ে তাঁর অনুসন্ধানই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।ফেসবুকের অন্দরমহলের নথিসিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ফ্রান্সেস হাউগেন। এই চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। ফেসবুকের অভ্যন্তরীণ নথি এবং প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে আসার ঘটনাকে কেন্দ্র করে গল্পের একটি বড় অংশ এগিয়েছে।ট্রেলারে হরউইৎজকে ফেসবুকের প্রভাব নিয়ে গভীর অনুসন্ধান করতে দেখা যায়। অন্যদিকে হাউগেনের মাধ্যমে সামনে আসে এমন কিছু অভ্যন্তরীণ নথি, যা প্রতিষ্ঠানটির জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।নতুন সিনেমায় জেরেমি স্ট্রংয়ের অভিনয়ে জাকারবার্গকে আগের সিনেমার তুলনায় আরও কঠোর, রুক্ষ ও আক্রমণাত্মক চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।কেন এত বছর পর সিক্যুয়েল?‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ মুক্তির এত বছর পর কেন এর পরবর্তী গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা হলো, সে বিষয়েও কথা বলেছেন অ্যারন সরকিন।সরকিনের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি উপযুক্ত গল্প খুঁজে পাননি। ব্রেক্সিট, ক্যামব্রিজ অ্যানালিটিকা কিংবা ফেসবুককে ঘিরে নতুন কোনো বিতর্ক সামনে এলেই তাঁকে সিনেমার গল্প লেখার পরামর্শ দেওয়া হতো। কিন্তু এসব ঘটনার মধ্যে দীর্ঘদিন সিনেমার জন্য উপযুক্ত গল্প খুঁজে পাননি তিনি।তাঁর মতে, একটি সিনেমা শুধু চিন্তাশীল, প্রাসঙ্গিক কিংবা গুরুত্বপূর্ণ হলেই হয় না। দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার মতো শক্তিশালী গল্পও প্রয়োজন। শেষ পর্যন্ত সেই ধরনের একটি গল্প খুঁজে পাওয়ার পরই তিনি ‘দ্য সোশ্যাল রেকনিং’ নির্মাণের কাজে এগিয়ে যান।মুক্তি ৯ অক্টোবর২০১০ সালের ১ অক্টোবর মুক্তি পেয়েছিল ফেসবুকের উত্থান নিয়ে অ্যারন সরকিনের চিত্রনাট্যে নির্মিত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’। সিনেমাটি ফেসবুক প্রতিষ্ঠার পেছনের গল্প এবং মার্ক জাকারবার্গের উত্থানকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল।প্রায় ১৬ বছর পর এবার সেই গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’। নতুন সিনেমায় ফেসবুকের সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, বিতর্ক ও জবাবদিহির প্রশ্ন সামনে আসবে।সিনেমাটি আগামী ৯ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জাকারবার্গ এবার কঠোর ও আক্রমণাত্মক, আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’

মক্কায় গিয়ে দেশ ও তরুণদের জন্য প্রার্থনা রাখি সাওয়ান্তের

সম্প্রতি পবিত্র মক্কায় আধ্যাত্মিক সফরে গেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সেখানে নিজের জন্য প্রার্থনার পাশাপাশি দেশ, দেশের তরুণ প্রজন্মের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের জন্যও প্রার্থনা করেছেন তিনি।মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাখি সাওয়ান্ত প্রার্থনা করেন, তাঁর দেশ যেন নিরাপদ থাকে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করা ব্যক্তিদের হাত থেকে দেশ রক্ষা পায়। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থান এবং তাঁদের সম্মানজনক জীবন নিশ্চিত করার জন্যও তিনি প্রার্থনা করেন।দেশের রাজনৈতিক নেতাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান এই অভিনেত্রী।প্রার্থনার সময় সম্প্রতি আইফোন কেনার আবদারকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে একটি পরিবারের তিন সদস্যের আত্মহত্যার ঘটনার কথা উল্লেখ করেন রাখি। এ ঘটনাকে সামনে রেখে তরুণদের দামি পণ্য কেনার জন্য বাবা-মায়ের ওপর চাপ না দেওয়ার পরামর্শ দেন তিনি।রাখি বলেন, তরুণদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং কঠোর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। বাবা-মাকে কষ্ট দিয়ে দামি জিনিসপত্র বা আইফোন কেনার আকাঙ্ক্ষা পূরণ না করার আহ্বান জানান তিনি।নিজের ধর্মীয় পরিচয় নিয়েও কথা বলেন রাখি। তিনি জানান, জন্মসূত্রে হিন্দু হলেও পরবর্তীতে খ্রিষ্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে ইসলাম ধর্ম অনুসরণ করছেন। তবে সব ধর্মের প্রতিই তাঁর সমান সম্মান রয়েছে বলে জানান তিনি। মক্কা সফরে রাখির বক্তব্যে শিক্ষা, সততা, তরুণদের ভবিষ্যৎ এবং বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

মক্কায় গিয়ে দেশ ও তরুণদের জন্য প্রার্থনা রাখি সাওয়ান্তের

জন্মদিনে প্রকাশিত হচ্ছে আশা ভোঁসলের জীবনের শেষ চলচ্চিত্র গান

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের রেকর্ড করা জীবনের শেষ চলচ্চিত্র গান মুক্তি পেতে যাচ্ছে তাঁর জন্মবার্ষিকীতে। আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে গানটি।এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাঁহা’ শিরোনামের গানটি ড্রামা-কমেডি ঘরানার চলচ্চিত্র ওম কা হরি’র অংশ হিসেবে প্রকাশিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নির্মাতারা।২০২৩ সালের শেষ দিকে গানটি রেকর্ড করেছিলেন আশা ভোঁসলে। তখন তাঁর বয়স ছিল ৯০ বছরের বেশি। চলতি বছরের এপ্রিলে ৯২ বছর বয়সে মারা যান উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পী।হরিশ ব্যাস পরিচালিত ‘ওম কা হরি’ ছবির গল্প বাবা-ছেলের সম্পর্ক, প্রজন্মের ব্যবধান ও পারিবারিক টানাপোড়েনকে ঘিরে। এতে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান ও আয়েশা কাপুর।পরিচালক হরিশ ব্যাস বলেন, আশা ভোঁসলের জন্মদিনে গানটি প্রকাশের উদ্দেশ্য তাঁর কালজয়ী কণ্ঠ, দীর্ঘ সংগীতজীবন এবং তাঁর গানে অনুপ্রাণিত বহু প্রজন্মের শ্রোতাদের সম্মান জানানো।নির্মাতাদের মতে, গানটিতে জীবনের আনন্দ, ভালোবাসা ও অনুভূতি প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এটি আশা ভোঁসলের দীর্ঘ সংগীতজীবনের একটি বিশেষ স্মারক হয়ে থাকবে।সাত দশকের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রের সংগীতজগতে প্রভাব বিস্তার করেছেন আশা ভোঁসলে। তাঁর রেকর্ড করা গানের সংখ্যা ১২ হাজারের বেশি। ‘দম মারো দম’, ‘পিয়া তু আব তো আজা’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো’ ও ‘ইয়ে মেরা দিল’ তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।অভিনেতা অংশুমান ঝা বলেন, আশা ভোঁসলের কণ্ঠ ছবির গল্পে গভীর ও ব্যক্তিগত মাত্রা যোগ করেছে। বাবা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে নিজের বাবা-মাকে ভালোবাসার কথা প্রকাশ করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।আশা ভোঁসলের কণ্ঠে ছবির বিশেষ আবেগঘন মুহূর্তের গানটি ধারণ করতে পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন অংশুমান।

জন্মদিনে প্রকাশিত হচ্ছে আশা ভোঁসলের জীবনের শেষ চলচ্চিত্র গান

ভারতীয় গায়ক অঙ্কিতকে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।৩৫ বছর বয়সী অঙ্কিত গত বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন। হাতে ছিল জিমের কিট ব্যাগ। এরপর নিজের গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় চার অস্ত্রধারী তাকে অনুসরণ করতে শুরু করে।সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির কাছে পৌঁছানোর আগেই অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। প্রায় ২৫ সেকেন্ড ধরে তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়া হয়। হামলাকারীদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও স্থানীয় দোকানিরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। কয়েকজন দোকানের ভেতর থেকে পরিস্থিতি দেখার চেষ্টা করলেও গুলির শব্দ অব্যাহত থাকায় তারাও আড়ালে চলে যান।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা মোট ১৬টি গুলি ছুড়েছে। এর মধ্যে কয়েকটি গুলি আতঙ্ক সৃষ্টি করতে শূন্যে ছোড়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। অঙ্কিত বালিয়ান হরিয়ানভি গান ও ইউটিউব কনটেন্টের জন্য পরিচিত ছিলেন।সূত্র: এনডিটিভি

ভারতীয় গায়ক অঙ্কিতকে গুলি করে হত্যা

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১০-এর বিচারক জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।সিআইডি বলছে, ডনকে জিজ্ঞাসাবাদে সালমান শাহের মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য এবং মামলায় জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে ও কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেটিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলা দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের অক্টোবরে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরে সালমান শাহের মামা রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড

মারা গেলেন ‘ফুল অউর কাঁটে’র পরিচালক কুকু কোহলি

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফুল অউর কাঁটে’র পরিচালক কুকু কোহলি মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।হৃদরোগে আক্রান্ত হয়ে দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কুকু কোহলি। চিকিৎসার অংশ হিসেবে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। তবে এরপর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। মঙ্গলবার বিকেলে হাসপাতালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা চেষ্টা চালিয়েও তাঁকে বাঁচাতে পারেননি। বিকেল আনুমানিক ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।কুকু কোহলির ব্যক্তিগত জীবনের সঙ্গে বলিউডের সম্পর্কও ছিল ঘনিষ্ঠ। তাঁর স্ত্রী ছিলেন অভিনেত্রী অরুণা ইরানি। প্রথম স্ত্রী রিতা কোহলির ঘরে তাঁর দুই সন্তান পূজা ও কারিশমা।১৯৯১ সালে পরিচালক হিসেবে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় কুকু কোহলির। তাঁর প্রথম সিনেমা ‘ফুল অউর কাঁটে’ মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটি অভিনেতা অজয় দেবগনের ক্যারিয়ারেরও গুরুত্বপূর্ণ একটি কাজ। এতে অরুণা ইরানিও অভিনয় করেন।একই বছর ‘কোহরাম’ সিনেমা পরিচালনা করেন কুকু কোহলি। এরপর ১৯৯৪ সালে অজয় দেবগনকে নিয়ে নির্মাণ করেন ‘সুহাগ’। অক্ষয় কুমার, কারিশমা কাপুর ও নাগমাও অভিনয় করেছিলেন সিনেমাটিতে। ছবিটি বক্স অফিসে সফলতা পায়।দীর্ঘ ক্যারিয়ারে কুকু কোহলি বেশ কয়েকটি জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হাকিকত’, ‘আনাড়ি নম্বর ১’, ‘জুলমি’ ও ‘ইয়ে দিল আশিকানা’।২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ওহ তেরা নাম থা’ ছিল পরিচালক হিসেবে কুকু কোহলির সর্বশেষ সিনেমা।তাঁর মৃত্যুতে বলিউডের চলচ্চিত্র অঙ্গনে শোক নেমে এসেছে।

মারা গেলেন ‘ফুল অউর কাঁটে’র পরিচালক কুকু কোহলি

মারা গেলেন ‘ফুল অউর কাঁটে’র পরিচালক কুকু কোহলি

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফুল অউর কাঁটে’র পরিচালক কুকু কোহলি মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।হৃদরোগে আক্রান্ত হয়ে দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কুকু কোহলি। চিকিৎসার অংশ হিসেবে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। তবে এরপর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। মঙ্গলবার বিকেলে হাসপাতালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা চেষ্টা চালিয়েও তাঁকে বাঁচাতে পারেননি। বিকেল আনুমানিক ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।কুকু কোহলির ব্যক্তিগত জীবনের সঙ্গে বলিউডের সম্পর্কও ছিল ঘনিষ্ঠ। তাঁর স্ত্রী ছিলেন অভিনেত্রী অরুণা ইরানি। প্রথম স্ত্রী রিতা কোহলির ঘরে তাঁর দুই সন্তান পূজা ও কারিশমা।১৯৯১ সালে পরিচালক হিসেবে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় কুকু কোহলির। তাঁর প্রথম সিনেমা ‘ফুল অউর কাঁটে’ মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটি অভিনেতা অজয় দেবগনের ক্যারিয়ারেরও গুরুত্বপূর্ণ একটি কাজ। এতে অরুণা ইরানিও অভিনয় করেন।একই বছর ‘কোহরাম’ সিনেমা পরিচালনা করেন কুকু কোহলি। এরপর ১৯৯৪ সালে অজয় দেবগনকে নিয়ে নির্মাণ করেন ‘সুহাগ’। অক্ষয় কুমার, কারিশমা কাপুর ও নাগমাও অভিনয় করেছিলেন সিনেমাটিতে। ছবিটি বক্স অফিসে সফলতা পায়।দীর্ঘ ক্যারিয়ারে কুকু কোহলি বেশ কয়েকটি জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হাকিকত’, ‘আনাড়ি নম্বর ১’, ‘জুলমি’ ও ‘ইয়ে দিল আশিকানা’।২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ওহ তেরা নাম থা’ ছিল পরিচালক হিসেবে কুকু কোহলির সর্বশেষ সিনেমা।তাঁর মৃত্যুতে বলিউডের চলচ্চিত্র অঙ্গনে শোক নেমে এসেছে।

মারা গেলেন ‘ফুল অউর কাঁটে’র পরিচালক কুকু কোহলি

’বিদায় কীভাবে জানাই’ দিয়ে শ্রোতাদের আবেগ ছুঁয়েছে আর্টসেল

জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের নতুন গান ‘বিদায় কীভাবে জানাই’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। প্রিয়জন হারানো কিংবা বিদায়ের স্মৃতির সঙ্গে গানের কথাগুলো মিলিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে।শনিবার (২২ আগস্ট) আর্টসেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়। প্রকাশের এক দিনের মধ্যেই ইউটিউবে গানটি ১৭ হাজারের বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি গানটি নিয়ে এসেছে শত শত মন্তব্য।‘বিদায় কীভাবে জানাই’ গানটি আর্টসেলের ‘চতুর্থাংশ ইপি’ অ্যালবামের শেষ গান। এর কথা লিখেছেন সাইফ আল নাজি সেজান ও শাহান কবন্ধ। সুর ও সংগীতায়োজন করেছে আর্টসেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট লিংকন ডি কস্তা।গানটি প্রকাশের পর ইউটিউবের মন্তব্যের ঘরে নিজেদের ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতির কথা তুলে ধরেছেন শ্রোতারা। কেউ প্রিয়জন হারানোর কষ্টের সঙ্গে গানটির কথার মিল খুঁজে পেয়েছেন, আবার কেউ আর্টসেলের পুরোনো দিনের আবহ ফিরে পাওয়ার কথা জানিয়েছেন।শ্রোতাদের পাশাপাশি গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগীতশিল্পী মিনার রহমান। চট্টগ্রামে শো শেষে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে আর্টসেলের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। পোস্টে আর্টসেলকে নিজের প্রিয় ব্যান্ড উল্লেখ করে সবাইকে নতুন গানটি শোনার আহ্বান জানান।আর্টসেলের দীর্ঘ সংগীতযাত্রার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি হিসেবেই ‘বিদায় কীভাবে জানাই’ গানটিকে দেখছে ব্যান্ডটি। তাদের ভাষ্য, কিছু বিদায় কীভাবে জানাতে হয়, তা জানা থাকে না। সেই না-বলা অনুভূতির কিছুটা এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে।আর্টসেলের অন্যতম শ্রোতাপ্রিয় অ্যালবাম ‘চতুর্থাংশ ইপি’। অ্যালবামটিতে রয়েছে ‘ও আকাশ’, ‘একটা নতুন গান’, ‘জানি ভুল করেছি’ এবং ‘বিদায় কীভাবে জানাই’।

’বিদায় কীভাবে জানাই’ দিয়ে শ্রোতাদের আবেগ ছুঁয়েছে আর্টসেল

সময়ের অনুভূতি নিয়ে বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’ প্রকাশ পেয়েছে। গানটির কথা, সুর, সংগীত ও কণ্ঠ সবই তাঁর নিজের। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।শনিবার রাতে প্রকাশিত গানচিত্রে সময়, জীবন ও মানুষের নানা অনুভূতির প্রতিফলন তুলে ধরা হয়েছে। গানের কথায় হারিয়ে যাওয়া সময়ের অনিবার্য বাস্তবতা এবং অতীতে ফিরে না আসার বেদনাকে ফুটিয়ে তুলেছেন বাপ্পা।গানের একটি অংশে তিনি লিখেছেন, হাতে ধরা বালির মতো, সময়ের গলে যাওয়া, ঘড়ির কাঁটার মতো, অবিরাম সরে যাওয়া। এই কথার মধ্য দিয়ে সময়ের নিরন্তর প্রবাহ ও জীবনের ক্ষণস্থায়ী অনুভূতির প্রকাশ ঘটেছে।সম্প্রতি নিজের লেখা গান করার দিকে বেশি মনোযোগী হয়েছেন বাপ্পা মজুমদার। তিনি জানান, দীর্ঘ সংগীতজীবনে বহু গীতিকবির সঙ্গে কাজ করলেও নিজের ভাবনা ও অনুভূতিগুলো সরাসরি প্রকাশ করার তাগিদ থেকেই এখন নিয়মিত গান লিখছেন।এদিকে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল সাধারণত মিউজিক ভিডিও নির্মাণ করেন না। তবে বাপ্পার নতুন গানটি শুনে মুগ্ধ হয়েই তিনি এর ভিডিও নির্মাণে সম্মতি দেন।এর আগে প্রায় এক মাস আগে নিজের কথা ও সুরে ‘বুড়ো নাবিকের গল্প’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন বাপ্পা মজুমদার। নতুন গান প্রকাশের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখতে চান বলে জানিয়েছেন তিনি।

সময়ের অনুভূতি নিয়ে বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’