অ্যাভেঞ্জার্স ডুমসডে মুক্তির অপেক্ষায় যখন মার্ভেল ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখনই বড় চমক নিয়ে হাজির হচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)। বড় পর্দায় আবারও ফিরছে ২০১৯ সালের আলোচিত ছবি অ্যাভেঞ্জার্স এন্ডগেম। তবে এবার এটি শুধু পুনর্মুক্তি নয়, বরং নতুন দৃশ্য ও অতিরিক্ত ফুটেজসহ বিশেষ সংস্করণ অ্যাভেঞ্জার্স এন্ডগেম এনকোর ।
আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী একযোগে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের দর্শকরাও এটি দেখার সুযোগ পাবেন।
এন্ডগেম এনকোর-এ যুক্ত হয়েছে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য, একটি নতুন ভূমিকা এবং অতিরিক্ত ক্রেডিট দৃশ্য। এতে সিনেমাটির মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৮৫ মিনিটে। টনি স্টার্কের আত্মত্যাগ, নাতাশার বলিদান কিংবা ক্যাপ্টেনের হাতে মজলনির ফিরে আসার মতো স্মরণীয় মুহূর্তের পাশাপাশি নতুন ফুটেজে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে বিশেষ ইঙ্গিতও রাখা হয়েছে।
আগামী ডিসেম্বরের ‘ডুমসডে’ বুঝতে মার্ভেল সম্প্রতি ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় গল্পের গুরুত্বপূর্ণ যোগসূত্র ঝালিয়ে নিতেই এন্ডগেম এনকোর নিয়ে আসা হচ্ছে বলে জানানো হয়েছে।
পরিচালক জো রুশোর ভাষ্য, এনকোর মূলত মার্ভেলের পরবর্তী অধ্যায়ের সঙ্গে দর্শকদের সংযোগ তৈরির একটি সেতু হিসেবে কাজ করবে। মুক্তির আগে প্রকাশিত নতুন সংস্করণের ট্রেলারও পেয়েছে ব্যাপক সাড়া। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭৭ মিলিয়ন ভিউ অর্জন করে রি-রিলিজ ট্রেলারের ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়েছে।
এদিকে অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়েও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অগ্রিম টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়েছে সিনেমাটি। শুধু উত্তর আমেরিকার বাজারেই প্রায় ৬০০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।
মার্ভেল ভক্তদের পাশাপাশি অ্যাকশনপ্রেমীদের
জন্যও ২৫ সেপ্টেম্বর থাকছে বিশেষ আয়োজন। একই দিন থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জেসন স্ট্যাথামের নতুন সিনেমা মিউটিনি।
জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত মিউটিনি’তে নিউইয়র্ক পুলিশের সাবেক কর্মকর্তা কোল রিডের চরিত্রে অভিনয় করেছেন স্ট্যাথাম। গল্পে দেখা যায়, এক ধনকুবেরের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করার সময় রিডের চোখের সামনে তার বস খুন হন। পরে সেই হত্যাকাণ্ডের দায় এসে পড়ে রিডের ওপর।
নিজেকে নির্দোষ প্রমাণের পাশাপাশি প্রকৃত খুনিদের খুঁজে বের করতে কার্গো জাহাজে পালিয়ে ওঠেন রিড। এরপর সমুদ্রের মাঝেই তিনি জড়িয়ে পড়েন একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রে। জেসন স্ট্যাথামের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস ও রোল্যান্ড মোলার। ‘আর রেটেড’ এই অ্যাকশন থ্রিলারটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের টানটান উত্তেজনায় রাখবে।