ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের গুরুত্বপূর্ণ খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ উৎপাদন প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে গেছে।
রোববার
গভীর রাতে উত্তর ইরাকের
সুলাইমানিয়া প্রদেশে এ হামলা হয়।
হামলার পর দেশটির জ্বালানি
অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে
উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ
করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও
ইসরায়েলের যুদ্ধ এবং ইরাকের অভ্যন্তরীণ
রাজনৈতিক বিরোধের মধ্যে এ ঘটনা আঞ্চলিক
পরিস্থিতিকে আরও জটিল করে
তুলেছে।
হামলার
সঙ্গে কারা জড়িত, তা
অনুসন্ধানে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে যৌথ তদন্ত কমিটি
গঠনের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।
তবে এখন পর্যন্ত কোনো
গোষ্ঠী এ হামলার দায়
স্বীকার করেনি। কেআরজি কর্তৃপক্ষের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে খোর মোর গ্যাসক্ষেত্রে
একাধিক হামলার পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র
গোষ্ঠীগুলো জড়িত।
ইরাকের সার্বভৌমত্বের জন্য বড় পরীক্ষা
খোর
মোর গ্যাসক্ষেত্রে হামলাকে ইরাকের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা ব্যবস্থার
জন্য বড় পরীক্ষা হিসেবে
দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
কুর্দিস্তান
ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সদস্য ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক
মোহাম্মদ আমেরের মতে, এ হামলা
শুধু জ্বালানি অবকাঠামোর ওপর আঘাত নয়;
বরং নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে
নিয়ন্ত্রণে আনা এবং দেশের
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের
সক্ষমতারও পরীক্ষা।
আলজাজিরাকে
তিনি বলেন, ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষার
দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কুর্দি অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে বারবার হামলার ঘটনায় এর পেছনে থাকা
ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে জবাবদিহির
আওতায় আনতে হবে। যেসব
এলাকা থেকে হামলা চালানো
হচ্ছে, সেসব এলাকার দায়িত্বশীল
কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।
সশস্ত্র
গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ দ্রুত
বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমের আশঙ্কা প্রকাশ
করেন, এ ধরনের হামলা
অব্যাহত থাকলে ইরাকের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ
কমে যেতে পারে।
তিনি
বলেন, এসব হামলার অন্যতম
লক্ষ্য ইরাকের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ
বাধাগ্রস্ত করা। ড্রোন ও
ক্ষেপণাস্ত্র দিয়ে খোর মোর
গ্যাসক্ষেত্রে আগেও একাধিকবার হামলা
হয়েছে। কিছু সশস্ত্র গোষ্ঠী
ইরাক রাষ্ট্রের পরিবর্তে ইরানের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করে। এতে দেশের
ভূখণ্ডে সরকারের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার
সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।
কুর্দি রাজনীতিতে বিভক্তি, বাড়ছে
নিরাপত্তা সংকট
গ্যাসক্ষেত্রে
হামলার কয়েক দিন আগেই
কুর্দিস্তানের অন্যতম রাজনৈতিক দল প্যাট্রিয়টিক ইউনিয়ন
অব কুর্দিস্তান (পিইউকে) কেআরজি থেকে নিজেদের প্রত্যাহারের
ঘোষণা দেয়। এর ফলে
প্রতিদ্বন্দ্বী কেডিপির সঙ্গে দলটির রাজনৈতিক বিরোধ আরও গভীর হয়েছে।
কৌশলগত
বিষয়ক গবেষক কাজিম ইয়াওয়ার মনে করেন, খোর
মোর গ্যাসক্ষেত্রে হামলার সঙ্গে বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার যোগসূত্র রয়েছে। তাঁর আশঙ্কা, আগামী
কয়েক দিন বা সপ্তাহের
মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে
সংঘাত আবারও তীব্র হতে পারে।
ইয়াওয়ারের
মতে, এ হামলার কৌশলগত
উদ্দেশ্যের মধ্যে রয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের
উত্তেজনা বাড়ানো এবং কুর্দি অঞ্চলসহ
ইরাকের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা।
তিনি
আরও বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার উদ্যোগের বিরোধিতা
এবং কেডিপি ও পিইউকের মধ্যে
রাজনৈতিক বিভক্তি অঞ্চলটির অর্থনৈতিক চাপ বাড়াতে পারে।
এ পরিস্থিতিতে খোর মোর গ্যাসক্ষেত্রের
গুরুত্ব আরও বাড়বে। কারণ,
কেআরজি গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন বাজারে সরবরাহের
সম্ভাবনাও খতিয়ে দেখছে।
ইয়াওয়ারের
মতে, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের
নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহার দেশটির
নিরাপত্তা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি
করেছে। সংসদ সদস্যসহ কয়েকটি
রাজনৈতিক শক্তি সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নিরস্ত্র করার পক্ষে না
থাকায় এসব গোষ্ঠী আরও
স্বাধীনভাবে কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে।
হামলার উৎস
নিয়ে
যা
জানা
যাচ্ছে
রাজনৈতিক
গবেষক গানেম আল-আবেদও হামলার
সময়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।
তাঁর মতে, কেডিপি ও
পিইউকের মধ্যে রাজনৈতিক বিরোধ যখন বাড়ছে এবং
সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে প্রধানমন্ত্রীর
সঙ্গে কয়েকটি গোষ্ঠীর মতবিরোধ তৈরি হয়েছে, ঠিক
সেই সময়েই খোর মোর গ্যাসক্ষেত্রে
হামলা হয়েছে।
বার্তা
সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি
ইরাকের সালাহউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু এলাকা
থেকে চালানো হয়ে থাকতে পারে
বলে ধারণা করা হচ্ছে। এলাকাটি
উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি
অঞ্চলের বাইরে অবস্থিত। তবে হামলার প্রকৃত
উৎস কিংবা কারা এটি চালিয়েছে,
তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত
করা হয়নি।
আল-আবেদ হামলায় জড়িত
ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায়
আনার জন্য কেন্দ্রীয় সরকারের
প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, খোর
মোর গ্যাসক্ষেত্রে আরও হামলা হলে
এর অর্থনৈতিক প্রভাব কেআরজি নিয়ন্ত্রিত এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। কারণ,
প্রতিবেশী কিরকুক ও নিনেভেহ প্রদেশের
বিদ্যুৎ উৎপাদনেও এ গ্যাসক্ষেত্র গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে।
তিনি
বলেন, ইরাকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে চাওয়া গোষ্ঠীগুলোর
পরিচয় প্রকাশ করে তাদের জবাবদিহির
আওতায় আনতে হবে। কিছু
সশস্ত্র গোষ্ঠী অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দিতে
অস্বীকৃতি জানানোয় দেশটির পরিস্থিতি যেকোনো সময় আরও সংঘাতপূর্ণ
হয়ে উঠতে পারে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ইরাকও জড়িয়ে পড়ার আশঙ্কা
আল-আবেদের আশঙ্কা, ইরান ও যুক্তরাষ্ট্রের
মধ্যে আবার যুদ্ধ শুরু
হলে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। সে
ক্ষেত্রে ইরাক নিজেই নতুন
করে যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।
সব মিলিয়ে খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা ইরাকের জ্বালানি নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।