দক্ষিণ ইরাকের নাসরিয়া অঞ্চলের মরুভূমিতে দুই ভাইয়ের বিয়েকে ঘিরে ব্যতিক্রমী আয়োজনের খবর সামনে এসেছে। অতিথিদের আপ্যায়নে ওই অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টির বেশি উট জবাই করা হয়েছে।আল-বাদুর গোত্রের শেখ হায়দার আবিরের ছেলেদের বিয়ে উপলক্ষে এই আয়োজন করা হয়। বিয়ের ভোজ ও অনুষ্ঠানের বিভিন্ন দৃশ্য ধারণ করা একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ইরাকের উপজাতীয় সমাজে বড় পরিসরে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং অতিথিদের ব্যাপকভাবে আপ্যায়নের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে বংশের মর্যাদা ও আতিথেয়তার প্রকাশ হিসেবে বড় ধরনের ভোজ আয়োজনের প্রচলন রয়েছে। নাসরিয়ার মরুভূমিতে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানেও সেই ঐতিহ্যেরই বড় আকারের প্রতিফলন দেখা গেছে। বিপুলসংখ্যক অতিথির আপ্যায়নের জন্য এত বিপুল পরিমাণ পশু জবাইয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে আলোচনায় আসে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।