বাংলাদেশ ফুটবল দলের নেতৃত্বে প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরলেন হামজা দেওয়ান চৌধুরী। আর অভিষেকেই নেতৃত্ব ও পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে গোল করার পাশাপাশি পুরো ম্যাচে দলের খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। হামজার পারফরম্যান্সে এতটাই মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের কোচ ডুলি, যে তাঁকে দিয়েছেন ১০-এ ১০ নম্বর।
ভুটানের বিপক্ষে আগের ম্যাচে একাধিক
সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের
ব্যর্থতায় প্রত্যাশিত গোল পায়নি বাংলাদেশ।
ওই ম্যাচে বিশ্বনাথকে ‘নাম্বার নাইন’ পজিশনে খেলানো নিয়ে সমালোচনার মুখেও
পড়তে হয়েছিল কোচকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে
হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের আক্রমণভাগে দেখা গেছে ভিন্ন
চিত্র। আক্রমণে গতি, সমন্বয় ও
গোলের সুযোগ তৈরিতে আগের চেয়ে অনেক
বেশি কার্যকর ছিল দল।
ম্যাচ শেষে কোচ ডুলি
অবশ্য মনে করেন, দলে
একজন স্বাভাবিক নাম্বার নাইন থাকলে গোল
করা আরও সহজ হতো।
তাঁর মতে, শ্রীলঙ্কার বিপক্ষে
একজন স্বীকৃত স্ট্রাইকার থাকলে ম্যাচের দৃশ্যপট আরও ভিন্ন হতে
পারত।
তবে আক্রমণভাগে হামজার ভূমিকা নিয়ে কোনো সংশয়
নেই কোচের। তিনি বলেন, ‘নাম্বার
১০ হিসেবে হামজা দলের জন্য অবদান
রাখতে পারেন। গতির কারণে বক্সের
মধ্যে সে খুবই বিপজ্জনক।
প্রতিপক্ষ দলও তার প্রশংসা
করেছে।’
মাঠের প্রায় সব জায়গাতেই বিচরণ
ছিল হামজার। দলের প্রয়োজনে কখনো
মাঝমাঠে, কখনো আক্রমণভাগে দায়িত্ব
পালন করেছেন তিনি। দলের আক্রমণে আরও
বেশি অবদান রাখতে তাঁকে কিছুটা ওপরে খেলানোর পরিকল্পনা
আগেই করেছিলেন বলে জানান ডুলি।
টুর্নামেন্ট শুরুর আগেই হামজাকে আক্রমণাত্মক
ভূমিকায় ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ফারহানের গোলে মুগ্ধ ডুলি
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে আলাদা করে
আলো ছড়িয়েছেন ফারহান। তিন প্রতিপক্ষ খেলোয়াড়কে
কাটিয়ে তাঁর করা অসাধারণ
গোলটি দর্শকদের মুগ্ধ করেছে। এর আগে আসিয়ান
কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই ফুটবলার।
ফারহানের গোলটিকে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা গোল হিসেবে
উল্লেখ করেছেন ডুলি। তাঁর মতে, কোচিং
জীবনে দেখা সেরা গোলগুলোর
তালিকায় থাকবে এটি।
হামজার ব্যাকহিল শটটি গোল হলে
সেটিও দুর্দান্ত হতো বলে মন্তব্য
করেন বাংলাদেশ কোচ। শুধু হামজা
ও ফারহান নন, রাকিবসহ দলের
অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট তিনি।
সেমিফাইনালে পাকিস্তান, চাপ সামলে জয়ের লক্ষ্য
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে
এবার সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। শেষ চারে স্বাগতিকদের
প্রতিপক্ষ পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রত্যাশার
চাপও বাড়বে বলে মনে করছেন
কোচ ডুলি।
তবে চাপকে ইতিবাচকভাবে নিয়ে আগের ম্যাচের
ছন্দ ধরে রাখার প্রত্যয়
জানিয়েছেন তিনি। ডুলি বলেন, ‘পরবর্তী
ম্যাচে আমরা জিততে চাইব।
অনেক চাপ থাকবে। আমরা
একইভাবে খেলব। একই ফল করতে
চাইব।’
পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ হিসেবে
দেখছেন না বাংলাদেশ কোচ।
তাঁর মতে, পাকিস্তান খুবই
ভালো দল। তাদের হালকাভাবে
নেওয়ার কোনো সুযোগ নেই।
শ্রীলঙ্কার বিপক্ষে হামজার নেতৃত্ব, ফারহানের দুর্দান্ত গোল এবং পুরো দলের সমন্বিত পারফরম্যান্স বাংলাদেশকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। এখন সেই ছন্দ ধরে রেখে সেমিফাইনালে পাকিস্তানকে হারানোই ডুলির দলের সামনে বড় চ্যালেঞ্জ।