শীত এখনো পুরোপুরি নামেনি। তবে শীতের পোশাক কেনার প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজধানীর বাজারগুলোতে। বিপণিবিতান, ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের শোরুমে উঠতে শুরু করেছে নতুন মৌসুমের পোশাক। জ্যাকেট, হুডি, সোয়েটার, কার্ডিগান, ব্লেজার ও শালসহ নানা ধরনের শীতের পোশাকে সাজানো হচ্ছে দোকানগুলো। দেশি পোশাকের পাশাপাশি রয়েছে চীন, ভারত ও থাইল্যান্ড থেকে আমদানি করা পোশাক।
অন্যদিকে
সীমিত আয়ের মানুষের শীতের
প্রস্তুতির প্রধান ভরসা ফুটপাত ও
পুরোনো কাপড়ের দোকান। তুলনামূলক কম দামে জ্যাকেট,
সোয়েটার কিংবা শিশুদের গরম কাপড় কিনতে
এসব দোকানে বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। সব মিলিয়ে শীতের
প্রকোপ বাড়ার আগেই রাজধানীর পোশাকের
বাজারে শুরু হয়েছে মৌসুমি
কেনাকাটার আমেজ।
সরেজমিনে
রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়া,
চাঁদনী চক, গুলিস্তান ও
মৌচাক এলাকার বিপণিবিতান ঘুরে দেখা যায়,
শীতের পোশাকের বৈচিত্র্য নিয়ে প্রস্তুত হচ্ছেন
বিক্রেতারা। কোথাও দেশি কাপড়ের তৈরি
পোশাক, কোথাও বিদেশি নকশার জ্যাকেট ও হুডি। আবার
ফুটপাতের দোকানগুলোতে সাজানো হয়েছে দেশি-বিদেশি পুরোনো
পোশাক। ক্রেতাদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী
প্রতিটি বাজারেই রয়েছে ভিন্ন আয়োজন।
হালকা শীতের পোশাকে বেশি আগ্রহ
ব্যবসায়ীরা
বলছেন, রাজধানীতে সাধারণত শীতের তীব্রতা তুলনামূলক কম থাকে। এ
কারণে হালকা সোয়েটার, ফুলহাতা টি-শার্ট, কার্ডিগান
ও শালের চাহিদা বেশি। চাকরিজীবীদের মধ্যে কোট ও স্যুটের
চাহিদাও রয়েছে। তবে শীত বাড়ার
সঙ্গে সঙ্গে মোটা জ্যাকেট, হুডি
ও ব্লেজারের বিক্রি বাড়ে।
নিউ
মার্কেট এলাকার গোল্ডেন গিফট শপিং সেন্টারের
ঢাকা বাজারের ব্যবস্থাপক রাকিব হোসেন বলেন, এখনো শীতের পোশাকের
বেচাকেনা তেমন শুরু হয়নি।
তাঁদের শোরুমে ইতিমধ্যে সাত থেকে আট
লাখ টাকার শীতের পোশাক এসেছে। আরও ১২ লাখ
টাকার পণ্যের ক্রয়াদেশ দেওয়া হয়েছে, যা দু-এক
দিনের মধ্যে পৌঁছানোর কথা।
তিনি
বলেন, শীত এখনো শুরু
হয়নি। তাপমাত্রা কমতে থাকলে বিক্রিও
বাড়বে। একসঙ্গে সব টাকা বিনিয়োগ
না করে বিক্রির ওপর
নির্ভর করে নতুন পণ্য
তোলা হবে।
দেশি-বিদেশি পোশাকে নতুন সংগ্রহ, কোথাও ছাড়
নারী,
পুরুষ ও শিশুদের জন্য
আলাদা নকশা ও রঙের
শীতের পোশাক তুলেছেন বিক্রেতারা। দেশি প্রতিষ্ঠানগুলোও তরুণদের
পছন্দ বিবেচনায় আধুনিক কাটিং ও নকশার পোশাক
তৈরি করছে। পাশাপাশি বিভিন্ন শোরুমে চীন, ভারত ও
থাইল্যান্ডের তৈরি জ্যাকেট, হুডি
ও সোয়েটার পাওয়া যাচ্ছে।
মৌচাকের
ফরচুন শপিংমলের কোয়েল কটন সেন্টারে শিশুদের
পোশাকে চলছে ৩০ শতাংশ
ছাড়। প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যবস্থাপক চৈতী হাসান বলেন,
সাধারণত শীতের শেষে গরম কাপড়ে
ছাড় দেওয়া হয়। তবে এবার
ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নিয়ে কোম্পানি আগেই
ছাড় দিচ্ছে। তাঁদের কাছে গত বছরের
কোনো পোশাক অবশিষ্ট নেই। বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পোশাক রয়েছে।
বিদেশি
পোশাকের ক্ষেত্রে নকশা, কাপড়ের মান ও স্থায়িত্বকে
গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। কিছু শোরুমে নতুন
পোশাকের পাশাপাশি গত বছরের সংগ্রহও
রয়েছে। এসব পুরোনো সংগ্রহের
পোশাকে নকশা ও মানভেদে
২০ থেকে ৬০ শতাংশ
পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
নিউ
মার্কেটের একটি ব্র্যান্ডের শোরুমে
শীতের পোশাক দেখতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
সদ্য স্নাতকোত্তর শেষ করা রবিউল
ইসলাম। তিনি বলেন, শীতের
শুরুতে এবং শেষে শোরুমগুলোতে
কিছুটা ছাড় পাওয়া যায়।
সামর্থ্যের মধ্যে হলে একটি পোশাক
কিনবেন। ভালো মানের পোশাক
কিনলে তা কয়েক বছর
ব্যবহার করা যায়।
ওই
শোরুমের এক বিক্রয়কর্মী জানান,
তাঁদের অধিকাংশ পোশাক চীন থেকে আমদানি
করা হয়। গত বছরের
অবশিষ্ট কিছু পোশাকে প্রায়
৪০ শতাংশ ছাড় চলছে। নতুন
পোশাকের দাম শুরু হয়েছে
২ হাজার ৬০০ টাকা থেকে।
সর্বোচ্চ দাম ছয় থেকে
সাত হাজার টাকা। গত ১৫ থেকে
২০ দিনে অল্প কিছু
পোশাক বিক্রি হয়েছে। শীত বাড়লে বিক্রি
বাড়বে বলে আশা করছেন
তাঁরা।
দেশি
ব্র্যান্ডের শোরুমগুলোতেও শীতের নতুন সংগ্রহ তোলা
হচ্ছে। নির্দিষ্ট মাপ, রঙ ও
নকশা বেছে নেওয়ার সুযোগ
থাকায় এসব দোকানে আগ্রহ
রয়েছে ক্রেতাদের।
নিউ
মার্কেটের জিকে ফ্যাশনের মালিক
আব্দুল ওয়াদুদ বলেন, শুধু দেশি পোশাক
দিয়ে ব্যবসা পরিচালনা করা কঠিন। তাই
দেশি-বিদেশি দুই ধরনের পোশাকই
রাখতে হয়। বিভিন্ন সরবরাহকারীর
কাছ থেকে পণ্য সংগ্রহ
করে ক্রেতাদের সামনে তুলে ধরা হয়।
ক্রেতারা দাম ও পছন্দ
অনুযায়ী পোশাক কিনে নেন।
কম দামের পোশাকে ফুটপাতেই ভরসা
বাজারে
নতুন পোশাকের পাশাপাশি পুরোনো শীতবস্ত্রেরও চাহিদা রয়েছে। বিশেষ করে নিম্ন ও
স্বল্প আয়ের মানুষের কাছে
ফুটপাতের দোকানগুলোই প্রধান ভরসা। নিত্যপণ্যের বাড়তি ব্যয় সামলে শীতের
পোশাক কেনা অনেক পরিবারের
জন্য কঠিন। তাই কম দামে
প্রয়োজন মেটাতে তাঁরা ছুটছেন গুলিস্তান, পল্টন ও নিউ মার্কেটের
আশপাশের ফুটপাতের দোকানগুলোতে।
এসব
দোকানে জ্যাকেট, সোয়েটার, হুডি, শিশুদের গরম কাপড়, শালসহ
নানা ধরনের পুরোনো পোশাক পাওয়া যাচ্ছে। পোশাকের মান, ব্র্যান্ড, নকশা
ও ব্যবহারের অবস্থা অনুযায়ী দাম নির্ধারণ করা
হচ্ছে। পছন্দের পোশাক কিনতে ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের দরদাম করতেও দেখা যায়।
ফুটপাতে
নারীদের পুরোনো শীতের পোশাক বিক্রি করেন মাহবুব হোসেন।
তিনি বলেন, তাঁর কাছে শুধু
মেয়েদের ব্যবহৃত শীতের পোশাক রয়েছে। প্রতিটি পোশাক ২০০ থেকে ৩৫০
টাকায় বিক্রি করছেন। প্রতিদিনই মোটামুটি ভালো বেচাকেনা হচ্ছে।
ক্রেতাদের
উপস্থিতির কারণ ব্যাখ্যা করে
তিনি বলেন, যাঁরা কম দামের পোশাক
কেনেন, তাঁদের অনেকেরই বিপণিবিতানে গিয়ে কেনাকাটার সামর্থ্য
নেই। এখানে অল্প টাকায় পোশাক
পাওয়া যায় বলে একজন
ক্রেতা দুই-তিনটি করেও
কিনে নিয়ে যান।
শীত ও ঈদ ঘিরে ব্যবসায়ীদের আশা
রাজধানীর
শীতের পোশাকের বাজারে ক্রেতাদের জন্য তৈরি হয়েছে
একাধিক বিকল্প। সামর্থ্যবানদের আগ্রহ ব্র্যান্ডের শোরুম ও নতুন আমদানি
করা পোশাকে। অন্যদিকে সীমিত আয়ের মানুষ প্রয়োজন
মেটাচ্ছেন ফুটপাত ও পুরোনো কাপড়ের
দোকান থেকে।
তবে
ব্যবসায়ীদের প্রত্যাশা, শীত বাড়ার পাশাপাশি
আসন্ন ঈদকে কেন্দ্র করে
বিক্রি বাড়বে। এতে সাম্প্রতিক ব্যবসায়িক
মন্দা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি
হবে।
প্রিয়াঙ্গন
শপিং সেন্টারের শুভ ফ্যাশনের মালিক
দিলদার আহমেদ বলেন, সামগ্রিকভাবে ব্যবসার পরিস্থিতি ভালো নয়। তাঁদের
দোকানে স্যুট, কোট, কোটি, পাঞ্জাবি
ও শেরওয়ানিসহ বিভিন্ন ধরনের পোশাক বিক্রি হয়। এসব পণ্যের
চাহিদা সারা বছর থাকলেও
শীতের শুরু ও শেষ
দিকে স্যুট-কোটের বিক্রি বাড়ে।
তিনি বলেন, সারা বছর লোকসান দিয়ে দোকান টিকিয়ে রেখেছেন। এবার শীত ও ঈদ প্রায় কাছাকাছি সময়ে হওয়ায় বিক্রি বাড়ার আশা করছেন। এতে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে প্রত্যাশা তাঁর।