রাজধানীর বাড্ডা এলাকায় সম্ভাব্য গুপ্ত হামলা ও নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে অবস্থান কর্মসূচি পালন করছেন যুবদলের নেতাকর্মীরা।
বাড্ডা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাড্ডা থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মোসাব্বির হোসেন লিপুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে অংশ নেন বাড্ডা থানার ৯৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক মো. সাইমন মাহমুদসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী।
যুবদলের
নেতাকর্মীদের দাবি, বাড্ডা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর
অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী গোপনে
হামলা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সাধারণ মানুষের
জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে।
এ ধরনের পরিস্থিতি মোকাবিলা এবং সম্ভাব্য সহিংসতা
এড়াতে তাঁরা সতর্ক অবস্থান নিয়েছেন।
কর্মসূচি
সম্পর্কে মো. মোসাব্বির হোসেন
লিপু বলেন, বাড্ডা এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা তাঁদের দায়িত্ব।
রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন
গুপ্ত হামলা, নাশকতা কিংবা সহিংসতার মাধ্যমে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে,
সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন।
লিপু
আরও বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা
সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। তবে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোনো
নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার
না হন, সে বিষয়েও
সতর্ক থাকার কথা বলেন। তাঁর
ভাষ্য, এই অবস্থান কর্মসূচি
শান্তিপূর্ণ এবং জননিরাপত্তার স্বার্থে
পরিচালিত হচ্ছে।
এদিকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে যুবদলের নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানান সংশ্লিষ্টরা। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।