এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
আজ
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার
দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক
পোস্টে এ নিন্দা জানান
জামায়াত আমির।
পোস্টে
ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার দিবাগত রাত ১২টার পর
এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব,
দলটির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী
আসনের সংসদ সদস্য নুসরাত
তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা
ঘটেছে। এ ঘটনার নিন্দা
জানান তিনি।
জামায়াত
আমির আরও লেখেন, এ
হামলা কাপুরুষোচিত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে
বের করে আইনের আওতায়
এনে কঠোর শাস্তি দিতে
হবে। সরকার এ দায়িত্ব পালনে
ব্যর্থ হলে এর খেসারত
উচ্চ মূল্যে দিতে হবে বলেও
সতর্ক করেন তিনি। তাঁর
ভাষায়, ‘নীরব বসে থাকার
কোনো সুযোগ নেই।’
বুধবার
দিবাগত রাত ১২টার পর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। খবর
পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা
৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে
আনেন।
অগ্নিকাণ্ডে
একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে
পাঁচটি পুড়ে যায়। এ
ঘটনায় দুটি ছাগলও মারা
যায়।
এনসিপির নেতারা বাড়িটিতে পেট্রলবোমা হামলার অভিযোগ করেছেন। তবে আগুনের সূত্রপাত এবং পেট্রলবোমা হামলার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।