মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব। ‘নিউ ইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ (এনওয়াইএমএফএফ) নামের এই আয়োজনে মুসলিম সংস্কৃতি, জীবনযাপন ও অনুভূতির নানা বাস্তব গল্প তুলে ধরা হবে।
আন্তর্জাতিক বিনোদনবিষয়ক
সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের
ঐতিহ্যবাহী এসভিএ থিয়েটারে দিনব্যাপী উৎসবটির আয়োজন করা হবে। নিউইয়র্ক
সিটিতে মুসলিম স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটিই প্রথম
বড় আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম।
উৎসবের আয়োজকেরা
বলছেন, মুসলিমদের নিয়ে প্রচলিত ও
বাঁধাধরা ধারণার বাইরে গিয়ে তাঁদের নিজেদের
গল্পকে সামনে আনাই এই আয়োজনের
অন্যতম লক্ষ্য।
উৎসবের আর্ট
ডিরেক্টর হাসান বাবর বলেন, মূলধারার
গণমাধ্যমে মুসলিমদের নিয়ে তৈরি ভুল
ধারণার শুধু প্রতিবাদ করাই
তাঁদের উদ্দেশ্য নয়। মুসলিমদের নিজেদের
সত্য গল্পগুলোকে চলচ্চিত্রের জগতে স্থায়ীভাবে প্রতিষ্ঠা
করাই তাঁদের মূল লক্ষ্য।
সহ-প্রতিষ্ঠাতা
ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, “এই শহরে মুসলিমদের
নিজেদের গল্পগুলোর স্বগৌরবে আলো ছড়ানোর অধিকার
রয়েছে; অন্য কারো তৈরি
করা গণ্ডির সীমানায় থেকে নয়।”
বিশেষ সংবর্ধনার
মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম
শুরু হবে। দিনব্যাপী আয়োজনে
বিশ্বের সাতটি দেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য
চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
নির্বাচিত চলচ্চিত্রগুলোর অর্ধেকের বেশি পরিচালনা করেছেন
নারী নির্মাতারা।
উৎসবে ড্রামা,
কমেডি, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন ও সোশ্যাল এক্সপেরিমেন্ট—বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো দুটি
পৃথক পর্বে দেখানো হবে। পরে সেরা
কাজের জন্য বিশেষ জুরি
সম্মাননা ও পুরস্কার দেওয়া
হবে।
ছয় সদস্যের
জুরি বোর্ডে আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের
পরিচিত ব্যক্তিরা রয়েছেন। তাঁদের মধ্যে আছেন ‘দ্য ডেইলি শো’–খ্যাত এমি পুরস্কারজয়ী তারকা
আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান
পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানি অস্কার
মনোনীত চলচ্চিত্র ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর
প্রযোজক আবুবকর খান।
আয়োজকদের প্রত্যাশা, মুসলিম নির্মাতাদের নিজস্ব গল্প ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার ক্ষেত্রে নতুন এই চলচ্চিত্র উৎসব একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।