ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জনের বেশি। আহতদের মধ্যে সাত শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা।বুধবার বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে ভবন ধসের খবর পেয়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করা হয়। নিউইয়র্কের মেয়র মামদানির তথ্য অনুযায়ী, খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।নিউইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিনিয়ো জানিয়েছেন, দুর্ঘটনায় মোট ১৯ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। আহতদের চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে একজন ফায়ার সার্ভিসকর্মীও সামান্য আহত হয়েছেন।বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মেয়র মামদানি বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, এ পর্যন্ত অন্তত দুজন নিউইয়র্কবাসী প্রাণ হারিয়েছেন।’তবে নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহত শিশুদের বয়স এবং নিহত দুজনের মধ্যে কোনো শিশু রয়েছে কি না, সে বিষয়েও কর্মকর্তারা নিশ্চিত করে কিছু জানাননি।উদ্ধার অভিযানে ২৫০ কর্মী, ব্যবহার হচ্ছে প্রশিক্ষিত কুকুরঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাসেবার ২৫০ জনের বেশি কর্মী উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।এফডিএনওয়াইয়ের প্রধান কর্মকর্তা জন এসপোসিতো জানিয়েছেন, ভবনটির আরও অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই অস্থিতিশীল। পাশের ভবনটির যে অংশ এখনো দাঁড়িয়ে আছে, সেটিও সব সময় বিপদের কারণ হয়ে রয়েছে। আমাদের প্রধান উদ্বেগ, ভবনটির আরও অংশ ধসে পড়তে পারে।’কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপে সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের খুঁজতে উদ্ধার অভিযান কয়েক দিন পর্যন্ত চলতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।ফায়ার সার্ভিসের কমিশনার লিলিয়ান বনসিনিয়ো বলেন, প্রতিটি পদক্ষেপ পরিকল্পিতভাবে নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা এবং উদ্ধারকর্মীদের সুরক্ষার জন্যও এটি গুরুত্বপূর্ণ।পাশের নির্মাণস্থলে চলছিল খননকাজভবন ধসের কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে পাশের নির্মাণস্থলের বিষয়টি সামনে এসেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধসে পড়া ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর গিয়ে পড়ে। ভবন ধসের সময় সেখানে মাটি খননের কাজ চলছিল।নিউইয়র্ক সিটির ভবন নির্মাণ বিভাগের কমিশনার আহমেদ তিগানি বলেন, পাশের নির্মাণস্থলে তিনতলা ভবন নির্মাণের অনুমোদিত নকশা ছিল। তবে সেখানে নয়তলা ভবন নির্মাণের একটি পরিকল্পনা তখনো অনুমোদনের অপেক্ষায় ছিল।দুর্ঘটনার পর ভবন নির্মাণ বিভাগের পরিদর্শকেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করছেন। একই সঙ্গে আশপাশের ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা পরীক্ষা করা হচ্ছে।সড়ক বন্ধ, বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশভবন ধসের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে ক্ল্যারেন্ডন রোড থেকে বেডফোর্ড অ্যাভিনিউ পর্যন্ত ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ বন্ধ রাখা হয়েছে।মেয়র মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থল নিরাপদ করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করছেন। নিশ্চিত তথ্য পাওয়া মাত্রই তা জানানো হবে।নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি ডি উইলিয়ামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ফ্ল্যাটবুশের বেডফোর্ড অ্যাভিনিউয়ে ভবন ধসের ঘটনা তাঁরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ভবন ধসের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর কার্যালয় পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।এদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় নগরীর জরুরি ব্যবস্থাপনা বিভাগ একটি অস্থায়ী সহায়তা কেন্দ্র চালু করেছে। সেখানে রেডক্রসের কর্মীরাও সহায়তা দিচ্ছেন।

নিউইয়র্কে প্রথমবার মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব

মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব। ‘নিউ ইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ (এনওয়াইএমএফএফ) নামের এই আয়োজনে মুসলিম সংস্কৃতি, জীবনযাপন ও অনুভূতির নানা বাস্তব গল্প তুলে ধরা হবে।আন্তর্জাতিক বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের ঐতিহ্যবাহী এসভিএ থিয়েটারে দিনব্যাপী উৎসবটির আয়োজন করা হবে। নিউইয়র্ক সিটিতে মুসলিম স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটিই প্রথম বড় আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম।উৎসবের আয়োজকেরা বলছেন, মুসলিমদের নিয়ে প্রচলিত ও বাঁধাধরা ধারণার বাইরে গিয়ে তাঁদের নিজেদের গল্পকে সামনে আনাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।উৎসবের আর্ট ডিরেক্টর হাসান বাবর বলেন, মূলধারার গণমাধ্যমে মুসলিমদের নিয়ে তৈরি ভুল ধারণার শুধু প্রতিবাদ করাই তাঁদের উদ্দেশ্য নয়। মুসলিমদের নিজেদের সত্য গল্পগুলোকে চলচ্চিত্রের জগতে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করাই তাঁদের মূল লক্ষ্য।সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, “এই শহরে মুসলিমদের নিজেদের গল্পগুলোর স্বগৌরবে আলো ছড়ানোর অধিকার রয়েছে; অন্য কারো তৈরি করা গণ্ডির সীমানায় থেকে নয়।”বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। দিনব্যাপী আয়োজনে বিশ্বের সাতটি দেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর অর্ধেকের বেশি পরিচালনা করেছেন নারী নির্মাতারা।উৎসবে ড্রামা, কমেডি, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন ও সোশ্যাল এক্সপেরিমেন্ট—বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো দুটি পৃথক পর্বে দেখানো হবে। পরে সেরা কাজের জন্য বিশেষ জুরি সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।ছয় সদস্যের জুরি বোর্ডে আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা রয়েছেন। তাঁদের মধ্যে আছেন ‘দ্য ডেইলি শো’–খ্যাত এমি পুরস্কারজয়ী তারকা আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানি অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান।আয়োজকদের প্রত্যাশা, মুসলিম নির্মাতাদের নিজস্ব গল্প ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার ক্ষেত্রে নতুন এই চলচ্চিত্র উৎসব একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

নিউইয়র্কে প্রথমবার মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব

নিউইয়র্কে হাম ছড়াচ্ছে, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।সোমবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জরুরি অবস্থা ঘোষণা করেন। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ জরুরি অবস্থা বহাল থাকবে।নতুন ব্যবস্থার আওতায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন হাম রোগীর পরীক্ষার নির্দেশ দিতে পারবেন। একই সঙ্গে ফার্মাসিস্টদের দুই বছর বয়সী শিশুদেরও হাম, মাম্পস ও রুবেলা (এমএমআর) টিকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।অঙ্গরাজ্যটিতে শনাক্ত ১০৮ রোগীর মধ্যে ৭ জন নিউইয়র্ক সিটির বাসিন্দা। বাকি ১০১ জন অঙ্গরাজ্যের অন্যান্য এলাকার। এর মধ্যে ১৫ জুলাইয়ের পরই ৯২ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই অঙ্গরাজ্যের ১৮টি গ্রামীণ এলাকার বাসিন্দা, যেখানে টিকাদানের হার তুলনামূলক কম।গভর্নর ক্যাথি হকুল বলেন, টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব এমন কোনো রোগে মানুষের গুরুতর অসুস্থ হওয়া বা মৃত্যুর ঘটনা কাম্য নয়।নিউইয়র্কের পাশের অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও হামের বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত সেখানে ১ হাজার ৪টি সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। তিন দশকের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে এটিই হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব।এ ছাড়া টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাতেও হাম ছড়িয়ে পড়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার ৯০০টি হাম শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর দেশটিতে হামের পরিস্থিতি এতটা খারাপ আর হয়নি।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে টিকাদানের হার ৯৫ শতাংশের নিচে নেমে যাওয়াই হামের পুনরায় বিস্তারের অন্যতম কারণ। ২০০০ সালে দেশটিতে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ায় রোগটি আবারও ছড়িয়ে পড়ছে।আগামী নভেম্বরে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হামমুক্ত দেশের মর্যাদা ধরে রাখতে পারবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউইয়র্কে হাম ছড়াচ্ছে, জরুরি অবস্থা ঘোষণা