কুমিল্লার চান্দিনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না বলার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকন। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেজ ছেলে সাঈদ।
সাইফুল ইসলাম
খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর
জেলা যুবদলের সহসভাপতি ছিলেন। গত কয়েক মাস
ধরে তিনি সুহিলপুর ইউনিয়নে
বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
পারিবারিক ও
দলীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবারও সুহিলপুর
ইউনিয়নে দিনব্যাপী শোডাউন ও গণসংযোগ করেন
সাইফুল ইসলাম খোকন। দিনভর প্রচারণা শেষে সন্ধ্যায় শালিখা
বাজারে আয়োজিত এক পথসভায় নেতাকর্মীদের
উদ্দেশে বক্তব্য দেন তিনি।
সেখানে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান সংসদ সদস্য তাঁকেই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চূড়ান্ত করবেন। পথসভা ও গণসংযোগ শেষে রাতে বাড়ি ফিরে নৈশভোজ সেরে ঘুমিয়ে পড়েন সাইফুল ইসলাম খোকন। পরে রাত ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। স্বজনেরা দ্রুত তাঁকে ইলিয়টগঞ্জ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে দাউদকান্দির গৌরীপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে সুহিলপুর ইউনিয়নসহ চান্দিনার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সুহিলপুর ইউনিয়ন
বিএনপির সহসভাপতি মোস্তফা আহমেদ বলেন, এবারের নির্বাচনে সাইফুল ইসলাম খোকনের চেয়ারম্যান হওয়ার খুব ইচ্ছা ছিল।
সোমবারও তিনি সারা দিন
তাঁদের সঙ্গে পুরো ইউনিয়নে গণসংযোগ
করেছেন। কিন্তু গভীর রাতে তাঁর
মৃত্যুর খবর শুনতে হয়েছে।
এমন আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।
চান্দিনা উপজেলা
যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের বলেন,
সাইফুল ইসলাম খোকন বিএনপির পরীক্ষিত
নেতা ছিলেন। শোডাউনে নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেছিলেন,
‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন
থেকে সরাতে পারবে না।’ এমন বক্তব্য
দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই
তাঁর মৃত্যুতে তাঁরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
কুমিল্লা-৭ আসনের সংসদ
সদস্য ও চান্দিনা উপজেলা
বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন,
তাঁর মরহুম পিতার সময় থেকেই সাইফুল
ইসলাম খোকন বিএনপির রাজনীতির
সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর অকালমৃত্যুতে সুহিলপুর
ইউনিয়নসহ চান্দিনা উপজেলা বিএনপিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।