যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামকে কেন্দ্র করে কলকাতায় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত একদল ব্যক্তি। এ সময় পত্রিকাটির সাদা ভবনের দেয়ালে গেরুয়া রং মাখিয়ে দেন বিক্ষোভকারীরা।গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা ‘গেরুয়া গুণ্ডামি’ শব্দবন্ধ ব্যবহার করেছিল। এর কয়েক দিনের মধ্যেই সংবাদপত্রটির কার্যালয়ের সামনে এই বিক্ষোভের ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, গেরুয়া পোশাক পরা একদল ব্যক্তি ভবনের দেয়ালে রং মাখাচ্ছেন। এ সময় তাঁদের ‘গেরুয়ার অপমান হিন্দুস্থান সহ্য করবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঘটনাস্থলের কাছেই কয়েকজন পুলিশ সদস্যকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।ঘটনার কয়েক ঘণ্টা পর সংবাদপত্র কর্তৃপক্ষ ভবনের রং করা অংশগুলো পুনরায় রং করে আগের অবস্থায় ফিরিয়ে আনে।দ্য হিন্দু জানিয়েছে, ভবনের দেয়ালে রং লাগানো ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগও দায়ের করা হয়নি।যাদবপুরের সংঘর্ষ ঘিরেই বিতর্কগত ২০ আগস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং বামপন্থী সমর্থিত ছাত্র সংগঠনগুলোর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।পরে ওই সংঘর্ষ বৃহস্পতিবার ভোর পর্যন্ত গড়ায়। সহিংসতার ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করে। একই সঙ্গে ক্যাম্পাসে বাইরের লোকজন নিয়ে আসার অভিযোগও তোলে দুই পক্ষ। এই সংঘর্ষের প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে আনন্দবাজার পত্রিকার ব্যবহৃত ‘গেরুয়া গুণ্ডামি’ শব্দবন্ধ নিয়েই পরবর্তী সময়ে বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের জেরেই পত্রিকাটির কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং দেয়ালে গেরুয়া রং মাখানোর ঘটনা ঘটেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।