ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বদলি নীতিমালা উপেক্ষা করে ১৫ বছর ধরে নিজ জেলায় এলজিইডির প্রকৌশলী

বদলি নীতিমালা উপেক্ষা করে ১৫ বছর ধরে নিজ জেলায় এলজিইডির প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বদলি ও পদায়ন নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী রুহুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজ জেলা ঝিনাইদহে প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করছেন তিনি। এ নিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও বদলি নীতিমালার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।রুহুল ইসলাম ঝিনাইদহ শহরতলীর আদর্শপাড়ার স্থায়ী বাসিন্দা। কর্মজীবনে তিনি জেলার মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও শৈলকূপা উপজেলায় বিভিন্ন সময় উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কর্মরত রয়েছেন হরিণাকুণ্ডু উপজেলায়। ফলে দীর্ঘ দেড় দশক ধরে জেলার বাইরে তাঁর পদায়ন হয়নি বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে বদলি ও পদায়নসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের ১(ক) ও ১(ঙ) অনুচ্ছেদে এলজিইডির কর্মকর্তাদের নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর নিজ জেলায় পদায়ন না করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া একই কর্মস্থলে দীর্ঘদিন অবস্থান সীমিত করা, নির্দিষ্ট সময় পর বাধ্যতামূলক বদলি নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নীতিমালার উদ্দেশ্য হলো, স্থানীয় প্রভাববলয়, ব্যক্তিগত সম্পর্ক ও স্বার্থের সংঘাত এড়িয়ে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিরপেক্ষতা নিশ্চিত করা।এ অবস্থায় রুহুল ইসলামের দীর্ঘদিন নিজ জেলায় কর্মরত থাকার বিষয়টি নিয়ে সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর পদায়ন ও বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং প্রযোজ্য নীতিমালা কীভাবে অনুসরণ করা হয়েছে, তা সংশ্লিষ্ট নথি যাচাই করে নিশ্চিত হওয়া প্রয়োজন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম বলেন, আমার বদলি আর পদায়ন তো আমার হাতে নেই। ওপর থেকে যেভাবে নির্দেশনা আসে, সেভাবে চাকরি করি। আমি তদবির করে ঝিনাইদহে আছি—এ রকম কোনো অভিযোগের সত্যতা নেই।