ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, মালয়েশিয়ায় সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ ওয়েজ

তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, মালয়েশিয়ায় সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ ওয়েজ

তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নেভিগেশন অ্যাপ ওয়েজ ব্যবহারে সরকারি কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্দেশে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ওয়েজের ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওয়েজ মোবাইল লিমিটেড ইসরাইলে নিবন্ধিত এবং দেশটির আইনের আওতাধীন। এ কারণে সরকারি তথ্য ও নাগরিকদের ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সংবেদনশীল সরকারি তথ্য ও নাগরিকদের ব্যক্তিগত উপাত্তের সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের তথ্যের অপব্যবহার দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে।সরকারি কর্মীদের ওয়েজ ব্যবহার বন্ধে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি প্রধান সচিব শামসুল আজরি আবু বকর গত ২০ অক্টোবরের এক চিঠিতে সরকারি দপ্তর ও সংস্থার প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়নের কথা জানান। জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।ওয়েজের বিকল্প হিসেবে মালয়েশিয়ায় তৈরি ‘তুজু’ নেভিগেশন অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশটির মহাসড়ক কর্তৃপক্ষের তৈরি এ অ্যাপের মাধ্যমে পথনির্দেশনা, যানজটের হালনাগাদ তথ্য, গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং টোলসংক্রান্ত তথ্য পাওয়া যায়।ইসরাইলে তৈরি ওয়েজ অ্যাপটি ২০১৩ সালে কিনে নেয় মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। স্যাটেলাইট সংকেত ও ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে অ্যাপটি তাৎক্ষণিকভাবে যানজট ও সড়কের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয়।মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে আসছে। দেশটির সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্কও নেই। ফলে ওয়েজের ইসরাইলি সংশ্লিষ্টতা নিয়ে নিরাপত্তা উদ্বেগ দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানের সঙ্গেও সম্পর্কিত।তবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কিংবা সংবেদনশীল সরকারি তথ্য সংগ্রহ করে অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে ওয়েজ। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের কঠোর গোপনীয়তা নীতি রয়েছে এবং তারা বৈশ্বিক তথ্য সুরক্ষার মানদণ্ড মেনে চলে।এদিকে, ওয়েজ ব্যবহারের কারণে তথ্যের অপব্যবহার হয়েছে—এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ মালয়েশিয়া সরকার প্রকাশ করেনি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সরকারি কর্মীদের জন্য অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।সূত্র: দ্য বারনামা ও রয়টার্স