ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে, জানালেন ছেলে হান্টার

বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে, জানালেন ছেলে হান্টার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। শুক্রবার রাতে বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর এএফপির।হান্টার বাইডেন বলেন, তাঁর বাবার ক্যান্সার হাড়সহ শরীরের আরও বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। চিকিৎসা চললেও রোগটি তাঁকে শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছে।তিনি বলেন, ‘ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। এটি তাঁর হাড়ে এবং শরীরের আরও অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।’বাবার শারীরিক অবস্থা সম্পর্কে হান্টার বলেন, ‘এটি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাঁকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু তিনি এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করে যাচ্ছেন। তিনি এখনো এই দেশকে গভীরভাবে ভালোবাসেন এবং দেশের প্রতি তাঁর বিশ্বাস অটুট।’বাবার অসুস্থতার কথা বলতে গিয়ে সাক্ষাৎকারের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হান্টার। তিনি বলেন, ‘এটি সত্যিই খুব কঠিন এবং বাবাকে এ অবস্থায় দেখতে খুবই কষ্ট হয়।’২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার চার মাস পর বাইডেনের আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। তখনই জানা যায়, ক্যান্সার তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছে। এরপর তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপিসহ চিকিৎসা নেন।গত মাসে নিজের আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় বাইডেন জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা ‘খুব ভালোভাবেই চলছে’। তবে সর্বশেষ হান্টারের বক্তব্যে তাঁর স্বাস্থ্যের অবনতির বিষয়টি সামনে এসেছে।মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল। এসব উদ্বেগের মধ্যেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।তবে ২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে তাঁর হতাশাজনক পারফরম্যান্সের পর ডেমোক্র্যাটদের ব্যাপক চাপের মুখে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান বাইডেন।পরে তাঁর স্থলাভিষিক্ত প্রার্থী তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।