ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
লালনের টানে ছেঁউড়িয়ায় সাধু-ভক্তদের ঢল

লালনের টানে ছেঁউড়িয়ায় সাধু-ভক্তদের ঢল

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শুরু হয়েছে তিন দিনের স্মরণোৎসব। শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এ আয়োজনে সাধু, বাউল ও ভক্তদের সমাগমে উৎসবমুখর হয়ে উঠেছে লালন আখড়াবাড়ি।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া লালন একাডেমি আয়োজিত এ উৎসব চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। উৎসবের অংশ হিসেবে আখড়াবাড়িতে চলছে লালনসংগীত, সাধুদের ভাববিনিময় এবং ঐতিহ্যবাহী বিভিন্ন সেবা অনুষ্ঠান। শনিবার বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উৎসব উদ্বোধনের কথা রয়েছে। পরে লালন মঞ্চে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিকে আখড়াবাড়ির সামনে মরা কালীগঙ্গা নদীর প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা। দুই শতাধিক স্টলে বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের দায়িত্ব পালনের ব্যবস্থা রাখা হয়েছে। লালন সাঁইয়ের গান ও দর্শন মানবতা, সাম্য এবং জাত-ধর্মের বিভেদ ভুলে মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়। তাঁর স্মৃতিকে ঘিরে প্রতিবছর ছেঁউড়িয়ায় এ আয়োজন বাংলার মরমি সাধনা ও লোকসংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে।