ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: ব্যবসায়ীরা

সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: ব্যবসায়ীরা

সরবরাহ স্বাভাবিক থাকলে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তবে জ্বালানি সংকট দ্রুত সমাধান, সরবরাহব্যবস্থার প্রতিবন্ধকতা দূর এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করা না গেলে বাজার স্থিতিশীল রাখা কঠিন হতে পারে বলে আশঙ্কা তাঁদের।গতকাল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মতিঝিল কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।সভায় ব্যবসায়ীরা বলেন, চিনি, ভোজ্যতেল, ডাল, আটা ও ময়দাসহ নিত্যপণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা গেলে দাম বাড়ার সুযোগ নেই। একই সঙ্গে উৎপাদন সচল রাখতে কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।মিল মালিকেরা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যেও পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। তবে আমদানি ও মিল পর্যায়ের উৎপাদন ব্যাহত হলে বাজারে অস্থিতিশীলতা দেখা দিতে পারে।মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, আমদানি ও মিল পর্যায়ে উৎপাদন সচল না থাকলে বাজার অস্থিতিশীল হয়ে পড়তে পারে।কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন হকার ও অনিবন্ধিত ব্যবসায়ীদেরও তদারকির আওতায় আনার দাবি জানান। তাঁর মতে, তদারকির বাইরে থাকায় এসব ব্যবসায়ীর বিক্রয়মূল্যের সঙ্গে বাজারদরের বড় পার্থক্য তৈরি হচ্ছে। সভায় এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীরসহ বিভিন্ন মন্ত্রণালয়, টিসিবি, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ক্যাব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।