পাথরঘাটার ১৩ জেলেকে নিয়ে ট্রলার ডুবি, নিখোঁজ ৫
বৈরী আবহাওয়া
ও সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে বরগুনার পাথরঘাটা
উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ‘এফবি
বরকত’ নামের একটি মাছ ধরার
ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে
থাকা ১৩ জেলের মধ্যে
আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো
নিখোঁজ রয়েছেন পাঁচজন।সোমবার বিকেলে
কুয়াকাটা থেকে প্রায় ৬০
কিলোমিটার দূরে গভীর সাগরে
এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া
ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা সব জেলের
বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন
এলাকায়।নিখোঁজ জেলেরা
হলেন নুর আলম (৩৭),
কাওসার (৩০), সাইকুল (৩৩),
ইব্রাহিম (২৮) ও বেল্লাল
(২২)। তাঁরা সবাই
পাথরঘাটা সদর ইউনিয়নের বাসিন্দা।উদ্ধার হওয়া
জেলে ও ট্রলারের বাবুর্চি
ইউনুস মোল্লা বলেন, দুর্ঘটনার সময় সাগর ছিল
প্রচণ্ড উত্তাল। ঝড়ো হাওয়া ও
বড় বড় ঢেউ ছিল।
জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে
ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের
ভেতরে ঘুমিয়ে পড়েন। এর মধ্যে হঠাৎ
বড় একটি ঢেউ ট্রলারে
আঘাত করলে সেটি উল্টে
যায়।ইউনুস মোল্লা
জানান, ট্রলারের ব্রিজের ভেতরে আটকে পড়া একজন
জেলে প্রায় ২০ মিনিট পর
বের হতে সক্ষম হন।
ট্রলারটি ডুবে যাওয়ার পর
আটজন জেলে প্রায় দুই
ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে
কাছ দিয়ে যাওয়া অন্য
একটি মাছ ধরার ট্রলার
তাঁদের উদ্ধার করে। তবে তাঁদের
সঙ্গে থাকা পাঁচ জেলের
কোনো সন্ধান পাওয়া যায়নি।জেলা ট্রলার
মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এফবি বরকত’ দুই
দিন আগে পাথরঘাটা থেকে
মাছ ধরার উদ্দেশ্যে গভীর
সাগরে যায়। সোমবার বৈরী
আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের
মধ্যে ট্রলারটি ডুবে যায়। পরে
একটি মাছ ধরার ট্রলার
আট জেলেকে জীবিত উদ্ধার করে।তিনি আরও
বলেন, নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি
ট্রলার সাগরে পাঠানো হয়েছে। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।