ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার আলোচনা

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার আলোচনা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।আলোচনায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন দুই পক্ষ।এ ছাড়া আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে কথা হয়।সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।