ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, দুই উপজেলায় বিক্ষোভ

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, দুই উপজেলায় বিক্ষোভ

ফ্যামিলি কার্ডের শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে মাগুরার মহম্মদপুর ও বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। দুই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবিও জানিয়েছেন তাঁরা।গতকাল রোববার মহম্মদপুর উপজেলা পরিষদ ও চিতলমারী উপজেলা প্রশাসন ভবনের সামনে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়।মহম্মদপুরে ইউএনওর অপসারণের দাবিমাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির একটি অংশ।বিক্ষোভকারীরা নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি জানান। তাঁদের অভিযোগ, নীতিমালা অনুসরণ না করে একটি পক্ষের সুপারিশে বৈষম্যের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যাসিস্ট ও ছাত্রলীগের কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তাঁরা।রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি চলে। এতে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, সাবেক সদস্যসচিব আকতারুজ্জামান আক্তার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য সাজ্জাদুল আলম খান নান্নু, যুবদল নেতা শেখ শাহানুর রহমান ও জেলা ছাত্রদলের সহসভাপতি পারভেজ আলমসহ অনেকে।তবে বিএনপির আরেকটি অংশের নেতা ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈয়ুর আলী মৃধা দাবি করেন, ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতেই হয়েছে। এ দাবিতে তাঁর নেতৃত্বে মিছিল-সমাবেশও করা হয়।অভিযোগের বিষয়ে ইউএনও বেদবতী মিস্ত্রী বলেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নীতিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।চিতলমারীতে দুই কর্মকর্তার অপসারণ দাবিবাগেরহাটের চিতলমারীতে ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডারের জন্য লোক নিয়োগে অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।ইউএনও খাদিজা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রণজিৎ বিশ্বাসের অপসারণের দাবিতে রোববার উপজেলা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তাঁরা। বিক্ষোভকারীরা ব্যানার, ঝাড়ু ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ চলে। এ সময় ইউএনও, সমাজসেবা, শিক্ষা ও মৎস্য অফিসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দরজা বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডিজিটাল জরিপকাজে পূর্ব অভিজ্ঞতা এবং অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তা অনুসরণ না করে বৈষম্য ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।বিএনপি নেতা ও বাগেরহাট-১ আসনের সাবেক প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেওয়া। এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।সমাবেশে শরিফুল হাসান অপু, অ্যাডভোকেট ফজলুল হক, শিপন মুন্সি, জাকারিয়া মিলন, নিয়ামত আলী খান ও জবরুল শেখসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।