ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ফাহমিদা নবীর কণ্ঠে আসছে ‘ভালোবাসা চাইতে গেলে’

ফাহমিদা নবীর কণ্ঠে আসছে ‘ভালোবাসা চাইতে গেলে’

সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান। ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। গোলাম মোরশেদের কথায় গানটি শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে।ফাহমিদা নবী ও সজীব দাসের সংগীতজুটির আগের কাজগুলোও শ্রোতাদের প্রশংসা পেয়েছে। ২০১৯ সালে প্রকাশিত ‘চোখের কার্নিশে’ ছাড়াও তাঁদের ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ও ‘চোখের জলে’সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে।ফাহমিদা নবী জানান, সজীব দাসের সুরে তাঁর গাওয়া ২০টি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আরও প্রায় ৪০টি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘প্রখ্যাত সংগীতসাধক লাকী আখন্দের মাধ্যমেই সজীবের গানে হাতেখড়ি। ও ভীষণ নীরবে ও নিভৃতে কাজ করে যেতে ভালোবাসে। আমাদের আড্ডাগুলোতে মূলত গান এবং কাজের ভুলত্রুটি শুধরে নেওয়ার বিষয়গুলোই উঠে আসে। সজীবের সুরে “ভালোবাসা চাইতে গেলে” গানটি মানুষের মন ছুঁয়ে যাবে-আমি এটি নিয়ে ভীষণ আশাবাদী।’সজীব দাস বলেন, শ্রদ্ধেয় ফাহমিদা আপা আমার ওপর অনায়াসে আস্থা রাখেন, এটাই আমার অনেক বড় আশীর্বাদ। আমি সবসময় চেষ্টা করি তাঁর জন্য আমার সেরা কাজটা উপহার দিতে।