অ্যানথ্রপিকে তিন বছর কাজ করার পর পদত্যাগ করেছেন ২৭ বছর বয়সী এআই গবেষক জ্যাকব কক্সন। বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উন্নত এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।
কক্সনের দাবি, ওপেনএআই ও অ্যানথ্রপিক দ্রুত
নিজে নিজে সক্ষমতা বাড়াতে
পারে এমন ‘সেলফ-ইমপ্রুভিং
সুপারইন্টেলিজেন্স’ তৈরির দিকে এগোচ্ছে। কিন্তু
এর সম্ভাব্য ঝুঁকিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাঁর ভাষায়,
এ ধরনের প্রযুক্তি মানুষের জীবন ও ভবিষ্যৎ
নিয়ে ‘জুয়া’ খেলার মতো পরিস্থিতি তৈরি
করছে।
এআই খাতের অনেক
শীর্ষ গবেষক ও নির্বাহী ব্যক্তিগতভাবে
মনে করেন, আগামী এক দশকের মধ্যেই
উন্নত এআই মানবজাতির জন্য
ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে
বলেও দাবি করেন কক্সন।
তিনি আরও বলেন,
ভবিষ্যতের সুপারইন্টেলিজেন্ট সিস্টেম সাইবার হামলা, বৈজ্ঞানিক অগ্রগতি এবং বাস্তব সম্পদ
ও ক্ষমতা অর্জনে মানুষের চেয়ে অনেক বেশি
সক্ষম হতে পারে।
অ্যানথ্রপিকের অ্যালাইনমেন্ট সায়েন্স লিড ইভান হাবিঙ্গারও
ঝুঁকির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর ব্যক্তিগত ধারণা,
আগামী দশকে এআইয়ের কারণে
মানবজাতির অস্তিত্ব বিলীন হওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি
হতে পারে। তবে বর্তমান এআই
মডেলের ঝুঁকি তুলনামূলক কম বলে মনে
করেন তিনি।
কক্সন এআই উন্নয়নের গতি
নিয়ে নতুন করে ভাবার
আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে মডেলের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপের
কথাও বলেছেন তিনি। তাঁর পদত্যাগ এআই
উন্নয়ন থামাবে না, তবে শিল্পের
ভেতর থেকেই আসা এই সতর্কবার্তা
সুপারইন্টেলিজেন্সের অস্তিত্বগত ঝুঁকি নিয়ে বিতর্ককে আরও
জোরালো করেছে।
সূত্র: এনডিটিভি