দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে দেশের সব প্রতিষ্ঠান ছেয়ে গেছে। তবে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বড় সুযোগ তৈরি হয়েছে। সবাই ধৈর্য ধরে এগিয়ে গেলে সফলতা আসবেই।
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল বলেন, কৃষি এখন লাভজনক না হওয়ায় অনেকে এ পেশা ছেড়ে দিচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারি প্রণোদনা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দিতে হবে।
কৃষি
খাতের মৌলিক সমস্যাগুলোর সমাধানে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন
রাষ্ট্রপতি। তিনি বলেন, এ
লক্ষ্য অর্জনে কৃষিবিজ্ঞানীদের সার্বিক সুযোগ-সুবিধা বাড়াতে হবে। প্রয়োজন হলে
আইন সংশোধন করে হলেও তাঁদের
পেনশনের সুব্যবস্থা করতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, শাকসবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ বা হিমাগার নির্মাণ করা জরুরি। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কৃষির উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং কৃষকদের আর্থিক প্রণোদনা নিশ্চিত করার মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।