অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার তিনি দেশে ফেরেন।
সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘স্থলবাহিনী প্রধানদের আলোচনা সভা এবং প্রতিরক্ষা আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬’-এ অংশ নেন সেনাপ্রধান। এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশের সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘মার্কিন সেনাবাহিনীর বার্ষিক সম্মেলন ও প্রদর্শনী’তে অংশ নেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন।
সংশ্লিষ্টদের আশা, সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিদ্যমান পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।