ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ড সংশোধনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অতীতে রাজনৈতিক দলগুলো নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হলেও বর্তমান সরকার এ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে।
আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলা পরিষদে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বলছি, আপনারা নিজেদের সংশোধন করুন। অতীতে কোনো রাজনৈতিক দল নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার প্রশ্নে আপসহীন থেকে অন্যায়ের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে নজির স্থাপন করেছেন।’
সম্প্রতি ঢাকায় একটি হাসপাতাল দখলের অভিযোগের পর এক নারী সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া এবং ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে স্পিকার বলেন, ইশরাক হোসেন ভালো কাজ করতে চেয়েছিলেন। মাদকসেবী ও দুর্বৃত্তদের দমন করতেই তিনি অভিযানে গিয়েছিলেন। তবে একজন প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ—কোনো ধরনের অস্ত্রই মানায় না। এ কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
ত্রাণ বিতরণে অনিয়ম ও চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন এলাকায় মব সৃষ্টি করে চালের বস্তা ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই সহ্য করা হবে না। প্রশাসন ও পুলিশকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রকৃত জেলেরা ছাড়া অন্য কেউ জেলেদের জন্য বরাদ্দ চাল পাবেন না বলেও জানান স্পিকার।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচন এলে অনেকেই সাধু-সন্ত সাজার চেষ্টা করেন। তবে গণতন্ত্রের সৌন্দর্য হলো, ভোটাধিকার থাকার কারণে মানুষ নির্যাতন-অত্যাচার থেকে রেহাই পাওয়ার সুযোগ পায়।
এলাকায় চাঁদাবাজি কমে এসেছে উল্লেখ করে স্পিকার সাধারণ মানুষকে যেকোনো অনিয়মের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। কোথাও অনিয়ম দেখা দিলে তা সরাসরি তাঁকে জানানোর অনুরোধও করেন তিনি।