ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জানালেন অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তারা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জানালেন অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’ (আরবিওপি)।সংগঠনটির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব ও সাবেক সিনিয়র সচিব খন্দকার মো. কবিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।বিবৃতিতে বলা হয়, গত ১২ অক্টোবর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সফররত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কতিপয় ব্যক্তি অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণ করেছেন। হুইলচেয়ারে চলাচলরত একজন অশীতিপর জ্যেষ্ঠ নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণকে চরম ধৃষ্টতাপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন তাঁরা।বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার। তবে একজন জ্যেষ্ঠ নাগরিকের পথ আটকে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বলেও দাবি করেন তাঁরা।আরবিওপির নেতারা বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে দেশের চরম সংকটকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের মতে, তিনি দেশকে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ভূমিকা রেখেছেন এবং একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিবাদের পতনের পর দেশের পুনর্গঠন, অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠা, রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা চালুর উদ্যোগে অধ্যাপক ইউনূসের ভূমিকার জন্য জাতি তাঁর প্রতি কৃতজ্ঞ।এ ঘটনায় ভবিষ্যতে ফ্যাসিবাদের মদদপুষ্ট বলে আখ্যায়িত বিভিন্ন গোষ্ঠীর ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।বিবৃতিতে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কূটনৈতিক প্রক্রিয়ায় কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।