ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমারকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমারকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৬তম আসিয়ান-জাতিসংঘ শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গুতেরেস। তিনি বলেন, প্রায় এক দশক আগে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার পরও রোহিঙ্গারা এখনো ন্যায়বিচার এবং নিরাপদে নিজ দেশে ফেরার উপযুক্ত পরিবেশের অপেক্ষায় রয়েছেন।জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই হতে হবে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্ব।২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের বড় একটি অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন। এর আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে এ জনগোষ্ঠীর মোট সংখ্যা আরও বেশি।মিয়ানমারের সংকট নিয়ে উদ্বেগমিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন আন্তোনিও গুতেরেস। দেশটিতে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।তিনি বলেন, মিয়ানমারের সংকটের মূল কারণগুলো সমাধান, দেশজুড়ে সহিংসতা বন্ধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠায় জাতিসংঘ আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে সমর্থন অব্যাহত রাখবে।এ ছাড়া নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। মিয়ানমারের জনগণ যাতে স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার চর্চা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।বিশ্বজুড়ে সংঘাত ও সংকট নিয়েও উদ্বেগসম্মেলনে বিশ্বজুড়ে চলমান সংঘাত, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট ও অর্থনৈতিক চাপের বিষয়েও বক্তব্য দেন গুতেরেস। গাজা, ইয়েমেন, ইউক্রেন ও সুদানের সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।গুতেরেস আরও বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় উদীয়মান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিগুলোর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। এ জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। সূত্র: প্রেস টিভি ও আনাদোলু এজেন্সি।