থাইল্যান্ডে মন্দিরের জন্য দেওয়া প্রায় ২৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে ৬৬ বছর বয়সী এক জ্যেষ্ঠ বৌদ্ধভিক্ষুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থ আত্মসাতে সহযোগিতার অভিযোগে ৪৭ বছর বয়সী এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।আয়ুথায়ার ১৪০০ শতকের ঐতিহাসিক মন্দির ওয়াত ফুত্থাইসাওয়ানের প্রধান ভিক্ষু ফ্রা ওয়াচিরায়ান উইয়ের বিরুদ্ধে আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, মন্দির সংস্কারের জন্য পাওয়া প্রায় ৮ কোটি ৯০ লাখ বাথ মন্দিরের হিসাবে জমা হয়নি। একইভাবে তাবিজসহ পবিত্র সামগ্রী বিক্রি করে পাওয়া আরও ২৮ লাখ বাথও মন্দিরের হিসাবে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।পুলিশের অভিযানে প্রায় ২১ কোটি ৫০ লাখ বাথ মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ কেজি স্বর্ণের বার ও গয়না এবং ২৮টি জমির দলিল। জব্দ করা সম্পদের কোনটি ব্যক্তিগত এবং কোনটি মন্দিরের, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এদিকে ওই ভিক্ষুর সঙ্গে এক নারীর যৌন সম্পর্কের সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর তা থাইল্যান্ডের গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেশটিতে বৌদ্ধভিক্ষুদের ব্রহ্মচর্য পালন এবং বস্তুগত সম্পদ ত্যাগের শপথ নিতে হয়। গ্রেপ্তারের পর ফ্রা ওয়াচিরায়ান উইকে সন্ন্যাসজীবন থেকে বহিষ্কার করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।