সমাজের আরও বেশি সংখ্যক নারীকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা।
শুক্রবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার মহিলা
বিভাগের আয়োজনে ‘মহিলা দায়িত্বশীলা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ আহ্বান
জানান।
নুরুন্নিসা সিদ্দিকা বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ
গড়তে নারীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ
গুরুত্বপূর্ণ। ইসলাম ও ইসলামী আন্দোলনের
সঙ্গে যুক্ত প্রত্যেক জনশক্তিকে তাকওয়াবান হতে হবে। একই
সঙ্গে সমাজের আরও বেশি নারীকে
ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত করতে কাজ করতে
হবে।
তিনি বলেন, আদর্শ
জাতি গঠনে মায়েদের ভূমিকা
গুরুত্বপূর্ণ। তাই নারীদের জ্ঞানের
পরিধি বাড়াতে হবে। সমাজ গঠন,
রাষ্ট্র পরিচালনা, ইসলামী সংস্কৃতি ও ইসলামী অর্থনীতি
নিয়ে ব্যাপক অধ্যয়ন ও গবেষণায় নারীদের
মনোযোগী হতে হবে।
দিনাজপুর জেলা মহিলা বিভাগের
সেক্রেটারি মোস্তাকিমা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ
সদস্য ও কেন্দ্রীয় মহিলা
বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, রংপুর-দিনাজপুর অঞ্চলের মহিলা বিভাগের পরিচালিকা রোজিনা রোজি এবং সহকারী
পরিচালিকা আফরোজা বেগম।
সম্মেলনে অঞ্চলের টিম সদস্য এবং
দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা,
নারীদের মধ্যে দ্বীনি সচেতনতা বাড়ানো এবং সমাজ ও
রাষ্ট্র গঠনে নারীদের কার্যকর
ভূমিকা রাখার বিষয়ে সম্মেলনে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
দিনাজপুর জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দায়িত্বশীলরা সম্মেলনে অংশ নেন।