প্রথমবারের মতো দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে আজ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে তিনটি সিনেমা প্রদর্শিত হবে। প্রতিটি সিনেমার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
আজকের প্রদর্শনীতে
বেলা ৩টা ৩০ মিনিটে
আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, সন্ধ্যা
৬টায় মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং
রাত ৮টায় মেজবাউর রহমান
সুমনের ‘রইদ’ দেখানো
হবে।
শিল্পকলা একাডেমির
নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের
পরিচালক দীপক কুমার গোস্বামী
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দর্শকদের
চলচ্চিত্র দেখার আগ্রহকে গুরুত্ব দিয়ে নিয়মিতভাবে দর্শনীর
বিনিময়ে সিনেমা প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে
৯ থেকে ১১ আগস্ট
রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘একাল-সেকাল’ নামে
তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে ছয়টি সিনেমা প্রদর্শিত
হয় এবং উন্মুক্ত এই
আয়োজনে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যায়।
সেই সাড়া
বিবেচনায় নিয়ে এবার টিকিটের
বিনিময়ে সিনেমা প্রদর্শনের কার্যক্রম শুরু করছে শিল্পকলা
একাডেমি। দীপক কুমার গোস্বামী
জানান, এটি আপাতত পাইলট
প্রকল্প হিসেবে শুরু হয়েছে। পরিকল্পনা
অনুযায়ী সপ্তাহে অন্তত এক দিন সিনেমা
প্রদর্শনের আয়োজন করা হবে। পর্যায়ক্রমে
ঢাকার বাইরের শিল্পকলাগুলোতেও এ কার্যক্রম চালুর
উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন,
নিয়মিত সিনেমা প্রদর্শনের মাধ্যমে শিল্পকলা একাডেমিতে দর্শকদের জন্য চলচ্চিত্র দেখার
একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করতে চায়
কর্তৃপক্ষ।
জানা গেছে, আজকের প্রদর্শনী থেকে টিকিট বিক্রির পুরো অর্থ সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া হবে। পরবর্তী সময়ে এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত হলে টিকিট বিক্রির ৭০ শতাংশ অর্থ পাবেন প্রযোজকেরা। বাকি ৩০ শতাংশ যাবে শিল্পকলা একাডেমির তহবিলে।