ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা দুই যুগ আগের

দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা দুই যুগ আগের

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের একটি পুরোনো সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছেন, বাড়ি দখলের ঘটনাটি প্রায় দুই যুগ আগের। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটে ভালো আছেন।সম্প্রতি একটি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলে দেওয়া তাঁর পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় আসে। সেখানে দিলারা জামানকে বলতে শোনা যায়, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে তৈরি করা বাড়িটি ভাড়াটিয়া দখল করে নিয়েছিল। এ কারণে তাঁকে ছোট একটি ভাড়াবাড়িতে থাকতে হচ্ছে বলেও ওই সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছিল।বিষয়টি নতুন করে আলোচনায় আসার পর দিলারা জামান গণমাধ্যমকে জানান, ঘটনাটি প্রায় ২৪ বছর আগের। ঢাকার শ্যামলীতে তাঁর বাবার দেওয়া ছয় কাঠা জমি নিয়ে ওই ঘটনা ঘটেছিল।দিলারা জামান বলেন, ‘আমার বাড়ি দখলের ঘটনাটি সত্য, কিন্তু তা প্রায় দুই যুগ আগের। ইন্টারভিউতে কথা প্রসঙ্গে বিষয়টি আসলেও সেখানে পুরো তথ্য স্পষ্টভাবে ওঠেনি।’তিনি জানান, জমিটির কাগজপত্র সঠিক থাকায় পরবর্তীতে আদালতের মাধ্যমে তিনি জমিটি ফেরত পান। পরে সেই জমি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি।শ্যামলীর সেই জমির বর্তমান অবস্থার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার ওই জমিটা ছিল শ্যামলীতে। ওখানে এখন দশতলা অ্যাপার্টমেন্ট উঠেছে। যখন ওইদিকে যাই, জায়গাটা দেখলে আবেগতাড়িত হই।’দিলারা জামান জানান, ২০০৮ সাল থেকে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন। বর্তমানে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট এই অভিনেত্রী। তিনি বলেন, এখন আমি ভালো আছি। আমার কোনো সমস্যা নেই।

জাকারবার্গ এবার কঠোর ও আক্রমণাত্মক, আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’

ফেসবুকের উত্থানের গল্প নিয়ে নির্মিত আলোচিত সিনেমা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর প্রায় ১৬ বছর পর বড় পর্দায় ফিরছেন চিত্রনাট্যকার ও নির্মাতা অ্যারন সরকিন। এবার তাঁর নতুন সিনেমার নাম ‘দ্য সোশ্যাল রেকনিং’। তবে ফেসবুকের সাফল্যের গল্প নয়, নতুন সিনেমায় গুরুত্ব পাচ্ছে প্রতিষ্ঠানটি ও এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন সংকট, বিতর্ক ও অভিযোগ।সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেলারে গল্পের একটি ধারণা পাওয়া গেছে। এতে মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছেন জেরেমি স্ট্রং। আর ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাংবাদিক জেফ হরউইৎজের চরিত্রে দেখা গেছে জেরেমি অ্যালেন হোয়াইটকে।সিনেমার গল্পে আধুনিক জীবনে ফেসবুকের প্রভাব এবং এর নেতিবাচক দিক নিয়ে অনুসন্ধানে নামেন হরউইৎজ। ফেসবুকের কার্যক্রম ও এর সামাজিক প্রভাব নিয়ে তাঁর অনুসন্ধানই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।ফেসবুকের অন্দরমহলের নথিসিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ফ্রান্সেস হাউগেন। এই চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। ফেসবুকের অভ্যন্তরীণ নথি এবং প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে আসার ঘটনাকে কেন্দ্র করে গল্পের একটি বড় অংশ এগিয়েছে।ট্রেলারে হরউইৎজকে ফেসবুকের প্রভাব নিয়ে গভীর অনুসন্ধান করতে দেখা যায়। অন্যদিকে হাউগেনের মাধ্যমে সামনে আসে এমন কিছু অভ্যন্তরীণ নথি, যা প্রতিষ্ঠানটির জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।নতুন সিনেমায় জেরেমি স্ট্রংয়ের অভিনয়ে জাকারবার্গকে আগের সিনেমার তুলনায় আরও কঠোর, রুক্ষ ও আক্রমণাত্মক চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।কেন এত বছর পর সিক্যুয়েল?‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ মুক্তির এত বছর পর কেন এর পরবর্তী গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা হলো, সে বিষয়েও কথা বলেছেন অ্যারন সরকিন।সরকিনের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি উপযুক্ত গল্প খুঁজে পাননি। ব্রেক্সিট, ক্যামব্রিজ অ্যানালিটিকা কিংবা ফেসবুককে ঘিরে নতুন কোনো বিতর্ক সামনে এলেই তাঁকে সিনেমার গল্প লেখার পরামর্শ দেওয়া হতো। কিন্তু এসব ঘটনার মধ্যে দীর্ঘদিন সিনেমার জন্য উপযুক্ত গল্প খুঁজে পাননি তিনি।তাঁর মতে, একটি সিনেমা শুধু চিন্তাশীল, প্রাসঙ্গিক কিংবা গুরুত্বপূর্ণ হলেই হয় না। দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার মতো শক্তিশালী গল্পও প্রয়োজন। শেষ পর্যন্ত সেই ধরনের একটি গল্প খুঁজে পাওয়ার পরই তিনি ‘দ্য সোশ্যাল রেকনিং’ নির্মাণের কাজে এগিয়ে যান।মুক্তি ৯ অক্টোবর২০১০ সালের ১ অক্টোবর মুক্তি পেয়েছিল ফেসবুকের উত্থান নিয়ে অ্যারন সরকিনের চিত্রনাট্যে নির্মিত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’। সিনেমাটি ফেসবুক প্রতিষ্ঠার পেছনের গল্প এবং মার্ক জাকারবার্গের উত্থানকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল।প্রায় ১৬ বছর পর এবার সেই গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’। নতুন সিনেমায় ফেসবুকের সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, বিতর্ক ও জবাবদিহির প্রশ্ন সামনে আসবে।সিনেমাটি আগামী ৯ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জাকারবার্গ এবার কঠোর ও আক্রমণাত্মক, আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’

তমা মির্জার নতুন অধ্যায়, ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশনে চাকরি

অভিনয়ের পাশাপাশি এবার করপোরেট জগতে যুক্ত হলেন চিত্রনায়িকা তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে যোগ দিয়েছেন তিনি। নতুন চাকরিতে যোগ দেওয়ার খবর প্রকাশের পর তাঁর অভিনয় ছাড়ার গুঞ্জন উঠলেও, বিষয়টি নাকচ করেছেন এই অভিনেত্রী।বুধবার (১৯ আগস্ট) নিজের নতুন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তমা। তিনি জানান, অভিনয় তাঁর কাছে এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও নিয়মিত অভিনয় করে যেতে চান।তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। সেখানেই আমি আছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। পাশাপাশি এই নতুন পেশাতেও সময় দেব।’নতুন চাকরিকে জীবনের একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা। তাঁর ভাষায়, অভিনয়জীবনের বাইরে সম্প্রতি তাঁর জীবনে আরেকটি নতুন অভিজ্ঞতা যুক্ত হয়েছে। নতুন পেশায় কাজ করাকে তিনি দারুণ একটি অভিজ্ঞতা হিসেবেই দেখছেন।তমা বলেন, ‘অভিনয় জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’নতুন কর্মপরিচয়ের কথা জানিয়ে ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে তোলা একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তমা। ছবিটি প্রকাশের পর তাঁর সহকর্মী ও বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।অভিনয়ে তমাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। এরই মধ্যে নির্মাতা ভিকি জাহেদের নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফলে করপোরেট পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না তমা মির্জা। নতুন চাকরির পাশাপাশি বড় পর্দায়ও নিয়মিত দেখা যাবে তাঁকে।

তমা মির্জার নতুন অধ্যায়, ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশনে চাকরি

ফ্রোজেন ৩ এর প্রথম ঝলক আনা-ক্রিস্টফের বিয়েতে নতুন খলনায়ক

দীর্ঘ অপেক্ষার পর ‘ফ্রোজেন’ ভক্তদের জন্য এল নতুন খবর। জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ফ্রোজেন ৩’-এর প্রথম ফুটেজ প্রকাশ করেছে ডিজনি। নতুন সিনেমায় আনা ও ক্রিস্টফের বহুল প্রতীক্ষিত রাজকীয় বিয়ের আয়োজন থাকছে। তবে সেই আনন্দের মধ্যেই হাজির হবে রহস্যময় এক নতুন খলনায়ক।২০২৭ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি ডিজনির ডি২৩ ফ্যান ইভেন্টে ‘ফ্রোজেন ৩’-এর প্রথম ফুটেজ দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনা ও এলসার কণ্ঠশিল্পী ক্রিস্টেন বেল ও ইদিনা মেনজেল।ক্রিস্টেন বেল জানান, নতুন কিস্তিতে আনা ও এলসা তাঁদের জীবনের সবচেয়ে বড় অভিযানে পা রাখতে যাচ্ছে।আনা-ক্রিস্টফের বিয়ে‘ফ্রোজেন ৩’-এর অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে আনা ও ক্রিস্টফের বিয়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যারেনডেলে রাজকীয় বিয়েকে কেন্দ্র করে তৈরি হবে উৎসবের পরিবেশ। প্রিয় চরিত্র ওলাফের জীবনেও প্রেমের সম্ভাবনার ইঙ্গিত থাকছে নতুন সিনেমায়।তবে উৎসবের এই আবহ খুব বেশি সময় স্থায়ী হবে না। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বরফে ঢাকা দুর্গম পাহাড়ি এলাকায় বিয়ের আয়োজনের পথে আবির্ভাব ঘটে এক রহস্যময় চরিত্রের।দুই বোনকে উদ্দেশ করে ওই চরিত্রকে বলতে শোনা যায়, ‘অ্যারেনডেলের দুই বোন, অবশেষে আমাদের দেখা হলো।’ তার উপস্থিতির মধ্য দিয়েই নতুন সংঘাতের সূচনা হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।ফিরছেন আগের কণ্ঠশিল্পীরাআগের দুই কিস্তির মতো ‘ফ্রোজেন ৩’-এও কণ্ঠ দেবেন ইদিনা মেনজেল, ক্রিস্টেন বেল, জশ গ্যাড ও জোনাথন গ্রফ। এলসা, আনা, ওলাফ ও ক্রিস্টফের চরিত্রে যথাক্রমে তাঁদেরই ফিরতে দেখা যাবে।বক্স অফিসে সাফল্য‘ফ্রোজেন’ সিরিজের আগের দুই সিনেমা বিশ্বজুড়ে বড় ধরনের সাফল্য পেয়েছে। ২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ফ্রোজেন’ বিশ্বব্যাপী প্রায় ১২৮ কোটি ডলার আয় করে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ফ্রোজেন ২’ আয় করে প্রায় ১৪৫ কোটি ডলার।এ কারণে তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।মুক্তি পিছিয়েছে এক বছরপ্রথমে ২০২৬ সালে ‘ফ্রোজেন ৩’ মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। পরে মুক্তির তারিখ এক বছর পিছিয়ে ২০২৭ সালের ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়।অভিনেতা জশ গ্যাড জানিয়েছেন, সিনেমাটি নির্মাণে কোনো ধরনের তাড়াহুড়া করতে চান না নির্মাতারা। তাঁদের লক্ষ্য, ‘ফ্রোজেন ৩’ যেন শুধু ব্যবসায়িক সিক্যুয়েল না হয়; বরং আগের দুই সিনেমার গল্প ও আবেগের ধারাবাহিকতাও ধরে রাখে।দীর্ঘ অপেক্ষার পর ২০২৭ সালের নভেম্বরে বড় পর্দায় ফিরবে আনা, এলসা, ক্রিস্টফ ও ওলাফ। এরই মধ্যে নতুন রহস্যময় চরিত্রকে ঘিরে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে—কে এই নতুন খলনায়ক এবং অ্যারেনডেলের রাজপরিবারকে ঘিরে তার পরিকল্পনা কী?

ফ্রোজেন ৩ এর প্রথম ঝলক আনা-ক্রিস্টফের বিয়েতে নতুন খলনায়ক

আইয়ুব বাচ্চুর জন্মদিনে নতুন সংগীতায়োজনে ২০ গান

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে তাঁর জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘উত্তরাধিকার’ নামের বিশেষ এই অ্যালবামটি ডাবল সিডির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।অ্যালবামটিতে আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’সহ শ্রোতাপ্রিয় ২০টি গান নতুন করে পরিবেশন করেছেন দেশের আটটি ব্যান্ড ও ১২ জন শিল্পী।অ্যালবামের গানগুলোর মধ্যে ‘রুপালি গিটার’ গেয়েছে দলছুট, ‘নীল বেদনা’ আরবোভাইরাস, ‘গতকাল রাতে’ সোনার বাংলা সার্কাস, ‘চলো বদলে যাই’ শুভযাত্রা, ‘চাঁদ মামা’ ক্যালিপসো, ‘অচেনা জীবন’ রকসল্ট এবং ‘মাধবী’ ডোপামিন। ‘মন চাইলে মন’ গেয়েছেন এ কে রাহুল।একক শিল্পীদের মধ্যে বাবনা করিম ও রাসেল আলী ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’ এবং জয় শাহরিয়ার ‘কষ্ট কাকে বলে’ গানটি পরিবেশন করেছেন।এ ছাড়া অদিত ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’, অটামনাল মুন ‘হকার’, কনক আচার্য ‘নীরবে’ এবং তওফিক-এবি-মেনন ‘বাংলাদেশ’ গানটি গেয়েছেন।অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু করার পরিকল্পনা থেকেই তাঁর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা যোগাযোগ করেন। এরপর আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশের প্রস্তাব আসে। আলোচনা শেষে ২০টি গান নিয়ে ‘উত্তরাধিকার’ অ্যালবামের কাজ চূড়ান্ত করা হয়।

আইয়ুব বাচ্চুর জন্মদিনে নতুন সংগীতায়োজনে ২০ গান

প্রথমবার টিকিটের বিনিময়ে সিনেমা দেখাবে শিল্পকলা একাডেমি

প্রথমবারের মতো দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে আজ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে তিনটি সিনেমা প্রদর্শিত হবে। প্রতিটি সিনেমার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।আজকের প্রদর্শনীতে বেলা ৩টা ৩০ মিনিটে আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, সন্ধ্যা ৬টায় মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং রাত ৮টায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ দেখানো হবে।শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দর্শকদের চলচ্চিত্র দেখার আগ্রহকে গুরুত্ব দিয়ে নিয়মিতভাবে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।এর আগে ৯ থেকে ১১ আগস্ট রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘একাল-সেকাল’ নামে তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে ছয়টি সিনেমা প্রদর্শিত হয় এবং উন্মুক্ত এই আয়োজনে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যায়।সেই সাড়া বিবেচনায় নিয়ে এবার টিকিটের বিনিময়ে সিনেমা প্রদর্শনের কার্যক্রম শুরু করছে শিল্পকলা একাডেমি। দীপক কুমার গোস্বামী জানান, এটি আপাতত পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে অন্তত এক দিন সিনেমা প্রদর্শনের আয়োজন করা হবে। পর্যায়ক্রমে ঢাকার বাইরের শিল্পকলাগুলোতেও এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, নিয়মিত সিনেমা প্রদর্শনের মাধ্যমে শিল্পকলা একাডেমিতে দর্শকদের জন্য চলচ্চিত্র দেখার একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করতে চায় কর্তৃপক্ষ।জানা গেছে, আজকের প্রদর্শনী থেকে টিকিট বিক্রির পুরো অর্থ সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া হবে। পরবর্তী সময়ে এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত হলে টিকিট বিক্রির ৭০ শতাংশ অর্থ পাবেন প্রযোজকেরা। বাকি ৩০ শতাংশ যাবে শিল্পকলা একাডেমির তহবিলে।

প্রথমবার টিকিটের বিনিময়ে সিনেমা দেখাবে শিল্পকলা একাডেমি

কয়েক মাস পর লিজার নতুন মৌলিক গান ‘তুমি বিহন’

বেশ কয়েক মাস বিরতির পর নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে এসেছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। সম্প্রতি তাঁর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তুমি বিহন’ শিরোনামের গানটি।গানটির কথা ও সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আদিব কবির। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।নতুন গান প্রসঙ্গে লিজা বলেন, ‘বেশ কয়েক মাস বিরতির পর আমার নতুন কোনো মৌলিক গান প্রকাশ পেল। আমার গানের নিয়মিত শ্রোতারাও চাচ্ছিলেন, যেন নতুন গান প্রকাশ করি। বলা যায়, সেই তাগিদ থেকেও এই গানটি প্রকাশ করা।’রোমান্টিক ঘরানার ‘তুমি বিহন’ গানটির কথা ও সুর তাঁর কাছে অন্য গানগুলোর তুলনায় একটু বেশি ভালো লেগেছে বলে জানান লিজা। গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।লিজা বলেন, ‘এমন অনেকেই আমাকে ফোন করেছেন, যাঁরা গানটি একবার শুনতে গিয়ে বহুবার শুনেছেন। ধন্যবাদ জানাই শ্রোতাদের। সত্যি বলতে কী, একজন শিল্পী হিসেবে আমি সব সময়ই চাই সুন্দর সুন্দর গান প্রকাশ করতে। কিন্তু সব সময় মনের মতো গানের কথা পাই না। আর তাই গান প্রকাশ করতেও একটু সময় নিতে হয়।’এদিকে লিজা জানান, আরও কয়েকটি নতুন গানের কাজ চলছে। গানগুলোর অডিওর কাজ শেষ হলে দ্রুত মিউজিক ভিডিও তৈরি করে তাঁর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন।‘লিজা’ ইউটিউব চ্যানেলে তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘চাই তোমায়’, ‘পাখি’, ‘যাবি কতদূর’, ‘পাগলী সুরাইয়া’, ‘তুমি আসবে বলে’, ‘তোমার রোদেলা আকাশে’, ‘মেঘে মেঘে’ ও ‘সারা আকাশ তাকে লিখে দেবো’।

কয়েক মাস পর লিজার নতুন মৌলিক গান ‘তুমি বিহন’

হলিউডের গ্রীষ্মকালীন আয় ৪ বিলিয়ন ডলার ছাড়াল

চলতি বছর একের পর এক বড় বাজেটের সিনেমার সাফল্যে ঘুরে দাঁড়িয়েছে হলিউডের বক্স অফিস। শুধু এবারের গ্রীষ্মেই হলিউডের সিনেমাগুলোর সম্মিলিত আয় ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৯ হাজার ৪৬৫ কোটি টাকা। বর্তমান ধারা অব্যাহত থাকলে শিগগিরই এই আয় ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।বিশ্লেষকদের মতে, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র সাফল্য এবারের বক্স অফিসে বড় ভূমিকা রেখেছে। করোনার আগের সময়ের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালীন বক্স অফিসে এমন সাফল্য দেখা যায়নি। ফলে এবারের গ্রীষ্মকে হলিউডের জন্য বিশেষ সাফল্যের সময় হিসেবে দেখা হচ্ছে।সনি পিকচার্সের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দর্শক টানছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ইতোমধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমান গতি ধরে রাখতে পারলে এটি প্রথম ‘স্পাইডার-ম্যান’ সিনেমা হিসেবে ২ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে ইউনিভার্সাল পিকচার্সের ‘দ্য ওডিসি’ও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১ দশমিক ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মাধ্যমে এটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমায় পরিণত হয়েছে।‘দ্য ওডিসি’ আইম্যাক্সেও নতুন রেকর্ড গড়েছে। এই ফরম্যাটে সিনেমাটির আয় হয়েছে ২৮৯ মিলিয়ন ডলার। এর আগে ২০০৯ সালের ‘অ্যাভাটার’ প্রায় ২৭০ মিলিয়ন ডলার আয় করে আইম্যাক্সে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ধরে রেখেছিল।এ ছাড়া ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’-এর মতো সিনেমাও বক্স অফিসে ভালো করছে। হরর-রোম্যান্স সিনেমা ‘অবসেশন’ আয় করেছে ৪৮৮ মিলিয়ন ডলারের বেশি। হরর সিনেমা ‘ব্যাকরুমস’ আয় করেছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার।এর আগে সর্বশেষ ২০২৩ সালের গ্রীষ্মে হলিউডের আয় ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। ওই বছর ‘ওপেনহাইমার’ ও ‘বার্বি’র সাফল্য বক্স অফিসে বড় প্রভাব ফেলেছিল।এবার আগস্টের আরও বেশ কিছু সময় বাকি রয়েছে। সামনে একাধিক আলোচিত সিনেমা মুক্তির অপেক্ষায় থাকায় হলিউডের গ্রীষ্মকালীন বক্স অফিসের আয় আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হলিউডের গ্রীষ্মকালীন আয় ৪ বিলিয়ন ডলার ছাড়াল