ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বীরভূমে তাঁর বাড়ির কাছের তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি কথিত সুইসাইড নোটও পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তৃণমূলের
কার্যালয়ের ভেতরে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত
লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের হাতে পাওয়া কথিত
সুইসাইড নোটে আশিস বন্দ্যোপাধ্যায়
দাবি করেছেন, তিনি জীবনে কোনো
ধরনের দুর্নীতি বা ঘুষের সঙ্গে
জড়িত ছিলেন না। বিভিন্ন দুর্নীতির
ঘটনায় তাঁকে মিথ্যাভাবে জড়ানোর অভিযোগও করেছেন তিনি। রাজনীতিতে আসাকে নিজের ভুল সিদ্ধান্ত হিসেবে
উল্লেখ করে পরিবারের পরবর্তী
প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার
পরামর্শ দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো
হয়েছে।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ
বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হওয়ার
পর আশিস বন্দ্যোপাধ্যায় সক্রিয়
রাজনীতি থেকে কিছুটা দূরে
ছিলেন।
আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট
বিধানসভা আসন থেকে টানা
পাঁচবার নির্বাচিত হন। ২০০১ থেকে
২০২৬ সাল পর্যন্ত তিনি
ওই আসনের বিধায়ক ছিলেন।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা
বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করেন আশিস।
তিনি রাজ্যের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী ছিলেন।
পরবর্তী সময়ে বিধানসভার ডেপুটি
স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।