ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
আমির হামজার গাড়িবহরে হামলা, গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

আমির হামজার গাড়িবহরে হামলা, গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা আমির হামজার গাড়িবহরে গণঅধিকার পরিষদের কর্মীরা অতর্কিত হামলা চালান।জামায়াতের এই নেতা দাবি করেন, হামলাকারীরা হকিস্টিক ও ইটপাটকেল ব্যবহার করে গাড়িবহরে হামলা চালায়। এতে আমির হামজা, তাঁর পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন আহত হয়েছেন।গোলাম পরওয়ার বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক। তাঁর দাবি, এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি স্পষ্ট হয়েছে।বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, আমির হামজা এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না বলে তিনি মন্তব্য করেন।হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গোলাম পরওয়ার। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে কুষ্টিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।তবে হামলার বিষয়ে গণঅধিকার পরিষদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

রগকাটা জামাত-শিবির তার স্বরূপে ফিরেছে: নুর

‘রগকাটা’ জামায়াত-শিবির তাদের পুরোনো স্বরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।নুরুল হক নুর অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছেন। এতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।ফেসবুক পোস্টে নুর বলেন, ‘রগকাটা জামাত-শিবির তার স্বরূপে ফিরেছে! কুষ্টিয়া গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে।’তিনি আরও বলেন, ‘জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’এদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ দাবি করেন, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার নেতা-কর্মীদের হামলায় দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।তবে হামলার অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী বা আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রগকাটা জামাত-শিবির তার স্বরূপে ফিরেছে: নুর