কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি
এ দাবি জানান। বিবৃতিতে
গোলাম পরওয়ার অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে
জনসংযোগ শেষে বাসায় ফেরার
পথে পুলিশ এসকর্টে থাকা আমির হামজার
গাড়িবহরে গণঅধিকার পরিষদের কর্মীরা অতর্কিত হামলা চালান।
জামায়াতের এই নেতা দাবি
করেন, হামলাকারীরা হকিস্টিক ও ইটপাটকেল ব্যবহার
করে গাড়িবহরে হামলা চালায়। এতে আমির হামজা,
তাঁর পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন
আহত হয়েছেন।
গোলাম পরওয়ার বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির
ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলার
ঘটনা উদ্বেগজনক। তাঁর দাবি, এতে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি স্পষ্ট হয়েছে।
বিবৃতিতে তিনি আরও অভিযোগ
করেন, আমির হামজা এর
আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার
বিষয়ে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না বলে
তিনি মন্তব্য করেন।
হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত
করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায়
এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গোলাম
পরওয়ার। একই সঙ্গে আহত
ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে কুষ্টিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের
প্রতি নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ
নেওয়ার আহ্বান জানান তিনি।
তবে হামলার বিষয়ে গণঅধিকার পরিষদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।