ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
চাক শুমার সিনেটে নেতা হলে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

চাক শুমার সিনেটে নেতা হলে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতা চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হলে তাঁর সঙ্গে কাজ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুমারের নেতৃত্বের সমালোচনা করে তাঁকে ইতিহাসের অন্যতম ব্যর্থ নেতা বলেও আখ্যা দিয়েছেন তিনি।রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।পোস্টে ট্রাম্প লেখেন, ‘চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলে তাঁর সঙ্গে কাজ করা আমার জন্য খুব কঠিন হবে। এর আগে নেতা হিসেবে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ইতিহাসের অন্যতম ব্যর্থ নেতাদের একজন তিনি। এবারও যে ব্যর্থ হবেন, সে বিষয়ে আমার সামান্যতম সন্দেহ নেই।’নিউইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বর্তমানে সিনেটে সংখ্যালঘু দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার পর আগামী বছর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা।নির্বাচনে দলের বড় সাফল্য এলেও নেতৃত্ব নিয়ে নিজ দলের মধ্যেই চাপের মুখে রয়েছেন শুমার। ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের অভিযোগ, তরুণ ও প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরোধী আইনপ্রণেতাদের প্রভাব বাড়তে থাকায় দলের নেতৃত্বে পরিবর্তন আনা প্রয়োজন।সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন। তবে শুমারের দাবি, নেতৃত্ব ধরে রাখার জন্য প্রয়োজনীয় সমর্থন তাঁর রয়েছে। আগামী মাসে রুদ্ধদ্বার বৈঠকে গোপন ব্যালটে এ বিষয়ে ভোট হওয়ার কথা।এদিকে নির্বাচনের পর হোয়াইট হাউস পরিচালনার দায়িত্ব নিজের ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত স্টিফেন মিলারকে দিয়েছেন ট্রাম্প। এতে ধারণা করা হচ্ছে, ক্ষমতার শেষ দুই বছরে ট্রাম্প আরও কঠোর ও সংঘাতমুখী অবস্থান নিতে পারেন।তবে স্বাস্থ্যসেবার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।সূত্র: রয়টার্স।