ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ১,২৩৫ জন

১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ১,২৩৫ জন

দেশের ১০ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।পুলিশের তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭৯৪ জনের মধ্যে ৬১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৮৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কুমিল্লায় ৩৬২, নোয়াখালীতে ১৩৭, লক্ষ্মীপুরে ১২৮, কক্সবাজারে ১৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ১৭, ফেনীতে ৫, রাঙামাটিতে ১০ এবং খাগড়াছড়িতে ১২ জনকে আটক করা হয়।বিভিন্ন মামলায় গ্রেপ্তারপুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ৬২ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ১২১ জন, সাজা পরোয়ানায় ২৪ জন এবং মাদক মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আরও ৪৭ জনকে। অভিযানে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে ১১৮ জনকে।মাদক উদ্ধার, ২০ জনের কারাদণ্ডমাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মাদকদ্রব্য-সংক্রান্ত ৩৯টি মামলা করা হয়েছে।অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৭ হাজার ২৩৭ পিস ইয়াবা, ১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ১১৩ লিটার চোলাই মদ এবং ১০০টি ট্যাডেন্টাডল ট্যাবলেট।এ ছাড়া ৪৬ বোতল বিদেশি মদ, ১২ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ২৪ ক্যান কিংফিশার স্ট্রং বিয়ার এবং ২৪ ক্যান হি-ম্যান স্ট্রং বিয়ার উদ্ধার করা হয়েছে।নিষিদ্ধ সংগঠনের আট সদস্য গ্রেপ্তারবিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আট সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কুমিল্লায় চারজন, নোয়াখালীতে একজন, রাঙামাটিতে দুজন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন।জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ট্রেনে ছিনতাই-হামলা বাড়ছে, চার বছর আট মাসে ৩১৬১ মামলা

নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যম হিসেবে ট্রেনের জনপ্রিয়তা দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে সেই ট্রেনেই বাড়ছে নানা ধরনের অপরাধ। আন্তঃনগর ও মেইল ট্রেনে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে।রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ট্রেনে বিভিন্ন অপরাধের ঘটনায় গত চার বছর আট মাসে ৩ হাজার ১৬১টি মামলা হয়েছে। এর মধ্যে ২০২২ সালে ৭৮৬টি, ২০২৩ সালে ৬৩৯টি, ২০২৪ সালে ৬৪৫টি, ২০২৫ সালে ৮৫১টি এবং চলতি বছরের প্রথম আট মাসে ২৫০টি মামলা হয়েছে। মামলার নথি পর্যালোচনায় গত চার বছরে ট্রেনে চুরির ঘটনা প্রায় ৭০ শতাংশ বেড়েছে।রেলওয়ে পুলিশ সূত্র বলছে, এসব অপরাধে জড়িতদের বড় একটি অংশ মাদকাসক্ত। তারা অনেক সময় যাত্রীবেশে ট্রেনে উঠে অপরাধ করে নিকটবর্তী স্টেশনে নেমে যায়। কেউ কেউ চলন্ত ট্রেন থেকেও দ্রুত নেমে পালিয়ে যায়।ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগসাম্প্রতিক সময়ে ট্রেনে ছিনতাইয়ের সময় যাত্রীদের ছুরিকাঘাত ও চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।গত ৮ মে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওমর ফারুক শাওন আহত হন। বিমানবন্দর স্টেশন থেকে গাজীপুরের উদ্দেশে ট্রেনে ওঠার পর চার ছিনতাইকারী তাঁকে পেটে ছুরিকাঘাত করে ৩ হাজার টাকা নিয়ে যায়। এর আগে ৪ মে মালিবাগ এলাকায় একটি ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইব্রাহিম নামে এক যুবক আহত হন।গত ৮ জুন বনানী এলাকায় মাহিদুল ইসলাম নামে এক স্কুলশিক্ষার্থীকে মারধর ও ব্লেড দিয়ে আঘাত করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।২০ জুন তেজগাঁও এলাকায় চট্টলা এক্সপ্রেসে তোফায়েল ইসলাম নামে এক শিক্ষার্থীর আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কয়েকজন ছিনতাইকারী। বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায় তারা।১৪ সেপ্টেম্বর রাতে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনে সাজিদ নামে এক যুবকের কাছ থেকে ছুরিকাঘাত করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। আর ৩০ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় হাফিজুর রহমান (৩৫) নামে এক যুবককে টাকা ও আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার একপর্যায়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।অজ্ঞান পার্টি, গামছা পার্টিও সক্রিয়রেলওয়ে কর্মকর্তারা জানান, বিভিন্ন রুটের ট্রেনে ছিনতাইয়ের পাশাপাশি অজ্ঞান পার্টি, গামছা পার্টি, টানা পার্টি, ঝুলন্ত ছিনতাইকারী ও পকেটমারদের তৎপরতাও রয়েছে। কেউ কেউ চেতনানাশক স্প্রে ব্যবহার করে যাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটে নেয়।রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার নিকুলিন চাকমা বলেন, ট্রেনে তল্লাশি ও প্ল্যাটফর্মকেন্দ্রিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রেনে পুলিশের গার্ড ডিউটিও বাড়ানো হয়েছে। অপরাধীদের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ জিরো টলারেন্স দেখাবে।অপরাধবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, নজরদারি কম থাকার কারণে অপরাধ বাড়ছে। রেলব্যবস্থাকে প্রযুক্তিগতভাবে নজরদারির আওতায় আনতে হবে।জনবল সংকট, বাড়ছে প্রযুক্তিনির্ভর নজরদারিরেলওয়ে পুলিশের মোট জনবল ২ হাজার ৪৯৩ জন। ছয়টি রেলওয়ে জেলায় রয়েছে ২৪টি থানা ও ৩৩টি ফাঁড়ি। সীমিত জনবল দিয়ে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ায় অতিরিক্ত জনবল চেয়ে পুলিশ সদর দপ্তরে আবেদন করা হয়েছে।রেলওয়ে পুলিশ জানিয়েছে, স্টেশন ও চলন্ত ট্রেনে তল্লাশি বাড়ানো হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে। সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।অপরাধী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রত্যেক স্টেশনে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। কোনো ট্রেনে অপরাধ ঘটলে সংশ্লিষ্ট স্টেশনের ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া ট্রেনে অপরাধে জড়িত ব্যক্তিদের তথ্য নতুন করে ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট (সিডিএম)-এ সংরক্ষণের পরিকল্পনা করছে রেলওয়ে পুলিশ। এতে অপরাধীর বর্তমান অবস্থান ও মামলার সর্বশেষ তথ্য রাখা হবে। ফলে পুনরায় অপরাধে জড়ালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।

ট্রেনে ছিনতাই-হামলা বাড়ছে, চার বছর আট মাসে ৩১৬১ মামলা