চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের অসুস্থতার কথা জানান তিনি। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওতে শামীম ওসমানকে বলতে শোনা যায়, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।’ তাঁর ভাষ্য অনুযায়ী, ক্যানসারটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’ তবে আল্লাহর ওপর বিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, আল্লাহ তাঁকে বাঁচিয়ে রাখবেন।ভিডিওতে নিজের শারীরিক অবস্থার পাশাপাশি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শামীম ওসমান।তিনি বলেন, একসময় গোপালগঞ্জের চেয়েও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।দলের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।