ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্যাটিংয়ে ১৬৬ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়েও স্বাগতিকদের আটকে রাখতে পারেনি নিগার সুলতানার দল। ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভার ৪ বলে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৪ ওভার ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।ইনিংসের প্রথম বলেই অভিজ্ঞ ব্যাটার ফারজানা হককে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ১১ রানে শারমিন সুলতানা এবং দলীয় ৩৩ রানে শারমিন আক্তারকে হারায় সফরকারীরা।শারমিন আক্তার অবশ্য শুরুটা করেছিলেন ভালোই। ২৬ বলে ৫টি চারে ২৪ রান করেন তিনি। তবে অ্যালানা কিংয়ের দারুণ ক্যাচে থামে তাঁর ইনিংস। সোবহানা মোস্তারিও ব্যাট হাতে অবদান রাখতে পারেননি। ১৭ বল খেলে করেন মাত্র ২ রান।পঞ্চম উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনি ৩৫ রানের জুটি গড়েন। তবে জুটি থেকে রান এসেছে ধীরগতিতে। পরে রান বাড়ানোর চেষ্টায় আউট হন নিগার। ৮৬ বলে ২৯ রান করে ম্যাকগ্রার বলে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক প্রান্তে রিতু মনি দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন। ৬৩ বলে ৪৫ রান করে রানআউট হওয়ার আগে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। স্বর্ণা আক্তার ২০ এবং নাহিদা আক্তার ১৯ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৬৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি নিয়েছেন ৪ উইকেট।সহজ জয়ে অস্ট্রেলিয়া১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। অভিষিক্ত পেসার হাবিবা ইসলাম পিংকি দলকে প্রথম সাফল্য এনে দেন। অস্ট্রেলিয়ার ৩০ রানে জর্জিয়া ভলকে ফিরিয়ে দেন তিনি।তবে প্রথম উইকেট হারানোর পরও রানের গতি কমেনি স্বাগতিকদের। দ্বিতীয় উইকেটে এলিস পেরি ও ফিবি লিচফিল্ড গড়েন ৮৯ রানের জুটি। ৫৭ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলা লিচফিল্ডকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খান।এরপর ১৩ রান করা মুনিকে আউট করেন পিংকি। তবে ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ করে ফেলেছে অস্ট্রেলিয়া। বাকি কাজ নির্বিঘ্নে শেষ করেন পেরি ও সাদারল্যান্ড। পেরি ৪৫ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে সাদারল্যান্ড অপরাজিত থাকেন ২৫ রানে। ২৪ ওভার ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ফলে সিরিজের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হার দিয়ে শুরু হলো বাংলাদেশের মেয়েদের।