ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রতিযোগিতায় চার বিদেশি প্রতিষ্ঠান

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রতিযোগিতায় চার বিদেশি প্রতিষ্ঠান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে মনোনীত করেছে পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানগুলো হলো যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন হোল্ডিং এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানাটা।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান জানান, প্রতিষ্ঠানগুলোর নাম নিরাপত্তা ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম পরিচালনায় বাধা হতে পারে—এমন নিরাপত্তা, নিয়ন্ত্রক বা অন্য কোনো উদ্বেগ রয়েছে কি না, তা যাচাই করবে কর্তৃপক্ষ।তিনি বলেন, বেবিচকের ছাড়পত্র পাওয়ার পর জাপানি কনসোর্টিয়াম যোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করবে। এরপর নির্বাচিত প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স দেওয়া হবে।প্রস্তাবিত ব্যবস্থায় তৃতীয় টার্মিনালে যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি কাজ করবে নির্বাচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। তবে কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হাতেই থাকবে।গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মধ্যে রয়েছে যাত্রীদের চেক-ইন, ব্যাগেজ ব্যবস্থাপনা, উড়োজাহাজের সেবা, র‌্যাম্প পরিচালনা এবং উড্ডয়নের আগে উড়োজাহাজের প্রস্তুতি সম্পন্ন করা। এসব কার্যক্রমের দক্ষতার ওপর যাত্রীসেবা, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও পরিচালনাগত নিরাপত্তা নির্ভর করে।চার প্রতিষ্ঠানের সক্ষমতাচারটি প্রতিষ্ঠানেরই আন্তর্জাতিক কার্যক্রম ও পরিচালনাগত অভিজ্ঞতা রয়েছে। মেনজিস ৬৫টি দেশের ৩৪৭টি বিমানবন্দরে, সুইসপোর্ট প্রায় ৪৪ থেকে ৪৯টি দেশের প্রায় ৩১০টি বিমানবন্দরে, ডানাটা ৩৫টি দেশের ১৪৬টি বিমানবন্দর বা স্থানে এবং চেলেবি পাঁচটি দেশের ৬০টির বেশি বিমানবন্দরে কাজ করে।কর্মীর সংখ্যার দিক থেকে মেনজিসের ৬৫ হাজারের বেশি, ডানাটার ৫৫ হাজারের বেশি, সুইসপোর্টের প্রায় ৪৩ হাজার এবং চেলেবির প্রায় ৯ হাজার কর্মী রয়েছেন।মেনজিস বছরে প্রায় ৫৩ লাখ ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং করে। সুইসপোর্ট বছরে প্রায় ৪০ লাখ ফ্লাইটের এবং ডানাটা ৮ লাখ ৮৮ হাজারের বেশি উড়োজাহাজের টার্ন অ্যারাউন্ড কার্যক্রম পরিচালনা করে।কার্গো ব্যবস্থাপনায় সুইসপোর্টের সক্ষমতা উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৬২ লাখ টন কার্গো হ্যান্ডলিং করে। ডানাটা ও মেনজিসের ক্ষেত্রে এ পরিমাণ যথাক্রমে ৩২ লাখ ও ২৪ লাখ টন।মেনজিসের বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রস্তাববাংলাদেশে কার্যক্রম পরিচালনার প্রস্তাবে স্থানীয় বিনিয়োগ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছে মেনজিস। প্রতিষ্ঠানটি নির্বাচিত হলে প্রথম বছরেই ১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম, বিমান চলাচল প্রযুক্তি, কর্মীদের প্রশিক্ষণ ও পরিচালনাগত সক্ষমতা বাড়াতে এ অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।মেনজিসের প্রস্তাব অনুযায়ী, এক হাজারের বেশি সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, যার প্রায় ৯৯ শতাংশ কর্মী হবেন বাংলাদেশি। পাশাপাশি আনুমানিক সাড়ে চার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও বলা হয়েছে।বিমানবন্দর এলাকায় একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও বিমান চলাচলবিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও কর্মসংস্থান নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।ব্যাগেজ সরবরাহে সময়সীমার ওপর গুরুত্বতৃতীয় টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে ব্যাগেজ সরবরাহের সময়সীমাসহ বিভিন্ন কার্যসম্পাদন সূচক নিয়ে আলোচনা হচ্ছে। এ ক্ষেত্রে প্রথম ব্যাগেজ প্রায় ১৫ মিনিটের মধ্যে এবং সব ব্যাগেজ প্রায় ৪০ মিনিটের মধ্যে সরবরাহের লক্ষ্য গুরুত্ব পাচ্ছে।গত মাসে বাংলাদেশ সফরের সময় মেনজিসের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি বলেন, ওয়াইড-বডি উড়োজাহাজ থেকে প্রথম ব্যাগেজ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এবং সর্বশেষ ব্যাগেজ ৪০ মিনিটের মধ্যে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে।তিনি আরও জানান, প্রস্তাবিত কার্যক্রমে রিয়েল-টাইম স্ক্যানিং, ডিজিটাল ব্যাগেজ সমন্বয় এবং কার্যসম্পাদন পর্যবেক্ষণব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা রয়েছে।এ ছাড়া ব্যাগেজ খালাস, উড়োজাহাজের সেবা ও র‌্যাম্প পরিচালনায় বিলম্ব এড়ানোও গুরুত্বপূর্ণ। এসব কাজে দেরি হলে ফ্লাইটের সময়সূচিতে প্রভাব পড়তে পারে।বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনালের উন্নত সুযোগ-সুবিধার সর্বোচ্চ সুফল পেতে অভিজ্ঞ অপারেটর প্রয়োজন হবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে অপারেটর নির্বাচন ও লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শেষ হলে তৃতীয় টার্মিনালে যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার পরবর্তী ধাপ এগিয়ে যাবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, বুধবার চুক্তি

বহর সম্প্রসারণ ও ভবিষ্যৎ উড়োজাহাজ পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।আগামীকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ চুক্তি সই অনুষ্ঠান হবে। বিমানের পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেলটির গ্রাউন্ড লেভেলের উৎসব হলে অনুষ্ঠানটি হবে। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ারবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাসের সঙ্গে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন রুট সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।বিমানের বহর বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এর আগে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকেও উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দফায় বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে।এবার এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি বিমানের বহর সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন উড়োজাহাজ যুক্ত হলে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিমানের সেবা সম্প্রসারণ ও ভবিষ্যৎ রুট পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আরও বাড়বে। বুধবারের চুক্তি সইয়ের মধ্য দিয়ে এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, বুধবার চুক্তি