নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওগুলো পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদারের পক্ষ থেকে পাঠানো এক লিখিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় পুলিশ সুপার বলেন, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবারের বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালান। এ ঘটনায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের দাবি, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক।