ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক, উন্মোচন হলো নামফলক

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক, উন্মোচন হলো নামফলক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় গত ২২ নভেম্বর।শিকাগো সিটি কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে সড়কটির নামকরণ করা হয়। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন।ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগটির উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।সড়কটির পাশেই রয়েছে শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বজুড়ে এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবনের স্বীকৃতি পাওয়া এই টাওয়ারের পাশেই এখন রয়েছে বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়ক।দূতাবাসের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় সড়কটির নামকরণের কার্যক্রম সম্পন্ন হয়।নামকরণের প্রস্তাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, তিনি জনগণের ভোটে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর জনপ্রিয়তাও বিবেচনায় নেওয়া হয়েছে।এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টি নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়।এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।