ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
তিন ভরি সোনার গয়না কুড়িয়ে পেয়ে মালিককে ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

তিন ভরি সোনার গয়না কুড়িয়ে পেয়ে মালিককে ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে প্রতিদিনের মতো ভ্যানে করে চানাচুর বিক্রি করছিলেন আমির উদ্দিন (৩৫)। রোববার সন্ধ্যায় হঠাৎ তাঁর চোখে পড়ে ভ্যানের পাশে পড়ে থাকা একটি ব্যাগ। কৌতূহলবশত ব্যাগটি তুলে খুলতেই দেখতে পান, ভেতরে রয়েছে এক জোড়া সোনার চুড়ি ও দুটি আংটি। সব মিলিয়ে গয়নার ওজন প্রায় তিন ভরি।এতগুলো সোনার গয়না একসঙ্গে দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে যান আমির। নিজের ভ্যানে ব্যাগটি রাখতেও নিরাপদ বোধ করেননি তিনি। কারণ, এর আগে তাঁর দোকানে তিনবার চুরির ঘটনা ঘটেছে। পরে ছেলের মাধ্যমে ব্যাগটি বাড়িতে পাঠিয়ে দেন। এরপর শুরু করেন প্রকৃত মালিকের খোঁজ।অন্যদিকে ব্যাগ হারিয়ে তখন দিশেহারা সজল তালুকদার। শহরের আবুল হোসেন রোডের একটি ভাড়া বাসায় থাকেন তিনি। বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গয়না পরিষ্কার করাতে দোকানে গিয়েছিলেন। ফেরার পথে রিকশা থেকে নামার পর বুঝতে পারেন, স্ত্রীর হাতে থাকা ব্যাগটি আর সঙ্গে নেই। কোথায় ব্যাগটি হারিয়েছেন, সেটিও মনে করতে পারছিলেন না।পরে বিষয়টি থানায় জানান সজল। বন্ধুদের নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যাগটির সন্ধান পাননি। একপর্যায়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান।এরপর ঘটে ব্যাগ ফিরে পাওয়ার ঘটনা। সজলের দুই বন্ধু আরেকটি রিকশায় ফেরার পথে ব্যাগ হারানোর বিষয়টি নিয়ে কথা বলছিলেন। তাঁদের কথা শুনে রিকশাচালক আবু সাইদ জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে সেটির মালিককে খুঁজছেন। তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরেই যোগাযোগ হয় সজল ও আমির উদ্দিনের।রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে ব্যাগটি প্রকৃত মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন আমির উদ্দিন। প্রায় চার ঘণ্টার উদ্বেগ-উৎকণ্ঠার পর ফিরে পান হারানো সোনার গয়না।নিজের এমন কাজের বিষয়ে আমির উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই অভাবের মধ্যে বড় হয়েছেন। কিন্তু অন্যের জিনিসের প্রতি কখনো লোভ জন্মায়নি।সজল তালুকদার বলেন, তাঁরা তিনজন মিলে প্রায় চার ঘণ্টা ব্যাগটি খুঁজেছেন। আমির উদ্দিনকে তাঁর খুব সরল মানুষ মনে হয়েছে। প্রথমে তিনি কোনো টাকা নিতে রাজি হননি। পরে জোর করে তাঁকে ৫ হাজার টাকা উপহার দিয়েছেন।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ব্যাগ হারানোর অভিযোগ পাওয়ার পর পুলিশও সেটির সন্ধানে কাজ করে। চানাচুর বিক্রেতা আমির উদ্দিনের সততার কারণেই গয়নাগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।