ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
হারমোনিয়ামের ভেতরে পিস্তল, মুন্সীগঞ্জে দুই ভাইসহ গ্রেপ্তার ৩

হারমোনিয়ামের ভেতরে পিস্তল, মুন্সীগঞ্জে দুই ভাইসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি অবৈধ বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার দুই সহোদর রয়েছেন।এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১১-এর দেওয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-১৪-এর একটি দল টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় রিয়াজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে হারমোনিয়ামের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ বারেক ব্যাপারী (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক ব্যাপারী জানান, অস্ত্র ও গুলির চালানটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর দাবি, সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছিলেন।এসআরবি জানায়, পরবর্তী সময়ে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাতটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় সুজন বেপারীর (৩৮) বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি দল। সেখান থেকে সুজন ও তাঁর বড় ভাই মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই এলাকার কাসেম ব্যাপারীর ছেলে।অভিযানকালে বাড়িটি থেকে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এসআরবির ভাষ্য, উদ্ধার করা অর্থ অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট। এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় শতাধিক গ্রাহকের টাকা গায়েব

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ পলাতক হওয়ার পর শতাধিক গ্রাহকের হিসাব থেকে টাকা লোপাটের অভিযোগ উঠেছে। রোববার বিকেল ৫টা পর্যন্ত ১১৩ জন গ্রাহক অর্থ লোপাটের লিখিত অভিযোগ করেছেন। ব্যাংকের একটি সূত্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত শতাধিক হিসাব থেকে প্রায় ১০ কোটি টাকা লোপাটের তথ্য পাওয়া গেছে। তবে সব হিসাব যাচাই শেষ না হওয়া পর্যন্ত মোট অর্থের পরিমাণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।রোববার সকাল থেকে শ্রীনগর প্লাজার দ্বিতীয় তলায় থাকা অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার সামনে গ্রাহকদের ভিড় বাড়তে থাকে। ব্যাংকের মূল ফটক থেকে বাইরে পর্যন্ত গ্রাহকেরা নিজেদের হিসাব যাচাই করতে জড়ো হন। একপর্যায়ে কয়েকজন গ্রাহক শ্রীনগর প্লাজার গেটের কাচ ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হিসাব যাচাইয়ের সময় কয়েকজন গ্রাহক তাঁদের হিসাবে থাকা লাখ লাখ টাকা দেখতে পাননি। এ ঘটনায় কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন। একের পর এক হিসাব থেকে টাকা গায়েব হওয়ার ঘটনায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও আহাজারি দেখা দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক কর্মকর্তা জানান, রোববার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শতাধিক হিসাব থেকে প্রায় ১০ কোটি টাকা লোপাট হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ১১৩ জন গ্রাহক লিখিত অভিযোগ দিয়েছেন। আরও অনেক গ্রাহক অভিযোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন।এর আগে বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর শাখায় আমানত লোপাটের বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত গ্রাহক ব্যাংকে ভিড় করেন। তবে এর দুই দিন আগ থেকেই ব্যাংকটির ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ পলাতক ছিলেন। বৃহস্পতিবার ১৪টি হিসাব থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা গায়েব হওয়ার তথ্য পাওয়া যায়। এতে ব্যাংকটির প্রবাসী ও নারী গ্রাহকসহ প্রায় ১০ হাজার গ্রাহকের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ জেলার ডিজিএম মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় ব্যাংকের পলাতক ক্যাশ অফিসার শরীফুজ্জামানের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত শরীফুজ্জামান ও ক্যাশিয়ার মো. জিন্নাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।’শরীফুজ্জামানের ব্যক্তিগত সিন্ডিকেটে নেওয়া টাকা গ্রাহকেরা ফেরত পাবেন কি না—জানতে চাইলে ডিজিএম মিজানুর রহমান বলেন, ব্যাংকের অডিট টিম কাজ করছে। পাশাপাশি পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি বিষয়টি যাচাই-বাছাই করবে। এরপর গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কতজন গ্রাহকের কত টাকা লোপাট হয়েছে, সব হিসাব যাচাই শেষ না হওয়া পর্যন্ত তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। অভিযোগ গ্রহণ শুধু রোববারের মধ্যে সীমাবদ্ধ নয়। কোনো গ্রাহকের হিসাবে অসংগতি ধরা পড়লে পরবর্তী সময়েও তিনি অভিযোগ করতে পারবেন।

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় শতাধিক গ্রাহকের টাকা গায়েব

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারাগারের বাইরে থাকার অনুমতিস্বামীর মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে প্যারোলে মুক্তি পাচ্ছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি।বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।তিনি জানান, দীপু মনির মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।মো. রেজাউল করিম বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে দিনের আলোয় সর্বোচ্চ ১২ ঘণ্টার জন্য কাউকে প্যারোলে মুক্তি দেওয়া যায়। এর বেশি সময়ের জন্য মুক্তি দিতে হলে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়।দীপু মনির মেয়ের আবেদনের পর সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

গজারিয়ায় সশস্ত্র দলের ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।এ সময় বাধা দিতে গেলে বাড়ির মালিক স্বপন শিকদারকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ডাকাত দল নদীপথে ট্রলারে করে স্বপন শিকদারের বাড়িতে আসে। পরে বারান্দার পকেট গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে।ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে ডাকাতেরা দরজা ভেঙে কক্ষগুলোতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাড়ির মালিক স্বপন শিকদার বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে কুপিয়ে আহত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।ডাকাতেরা বাড়ি থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে তারা নদীপথে ট্রলারে করে পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

গজারিয়ায় সশস্ত্র দলের ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট