ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ, আলোচনায় গণভোট ও জুলাই গণহত্যার বিচার

তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ, আলোচনায় গণভোট ও জুলাই গণহত্যার বিচার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।এর আগে দুপুর ১টার দিকে এনসিপির নেতারা সচিবালয়ে প্রবেশ করেন। দলটির প্রতিনিধি দলে রয়েছেন আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন।এনসিপি সূত্রে জানা গেছে, বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে দলটি। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবিও জানানো হবে।এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে আলোচনাও করেন।সেই উদ্যোগের ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।