ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
তিশা কি কনকচাঁপার মেয়ে? যে ব্যাখ্যা দিলেন সংগীতশিল্পী

তিশা কি কনকচাঁপার মেয়ে? যে ব্যাখ্যা দিলেন সংগীতশিল্পী

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কি জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার মেয়ে? দুজনের চেহারায় কিছুটা মিল থাকায় এমন প্রশ্ন অনেকের মনেই এসেছে। দীর্ঘদিনের এই কৌতূহল দূর করতে এবার বিষয়টি স্পষ্ট করেছেন কনকচাঁপা। জানিয়েছেন, তিশা তাঁর মেয়ে নন। তবে অভিনেত্রীকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিশার সঙ্গে তোলা পুরোনো একটি ছবি প্রকাশ করে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন কনকচাঁপা। ছবিটি কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের সময় তোলা হয়েছিল।সেই স্মৃতিচারণ করে কনকচাঁপা জানান, তিশার সঙ্গে ছবি তোলার ইচ্ছা তাঁর মনে জাগতেই অভিনেত্রী এগিয়ে এসে তাঁকে আদর করে বলেন, ‘মা, আসো আমরা ছবি তুলি।’ তিশা তখন আরও বলেছিলেন, সারা পৃথিবীর মানুষ কনকচাঁপাকেই তাঁর মা হিসেবে জানে। তাই তাঁকে ‘মা’ বলে ডাকবেন না তো কী বলবেন!তিশার প্রতি নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী। তাঁর ভাষায়, তিশা খুব ভালো একজন অভিনয়শিল্পী এবং তিনি নিজেও অভিনেত্রীর ভক্ত। অন্যদিকে, তিশাও তাঁকে পছন্দ করেন এবং মায়ের মতো শ্রদ্ধা করেন।তবে দুজনের সম্পর্কের বিষয়ে ভুল ধারণা দূর করতে কনকচাঁপা স্পষ্ট করে বলেন, তিশা তাঁর গর্ভজাত কন্যা নন। চেহারায় কিছুটা মিল থাকায় অনেকে তাঁদের মা-মেয়ে ভাবতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।নিজের মেয়ের পরিচয় জানিয়ে কনকচাঁপা বলেন, তাঁর একমাত্র কন্যাসন্তানের নাম ফারিয়া ইসলাম খান।পোস্টের শেষ দিকে কনকচাঁপা আশা প্রকাশ করেন, তাঁর এই ব্যাখ্যার পর তিশাকে তাঁর মেয়ে মনে করার ভুল ধারণার অবসান হবে। পাশাপাশি ভক্ত ও অনুরাগীদের প্রতি শুভকামনাও জানান তিনি।রক্তের সম্পর্ক না থাকলেও কনকচাঁপা ও তিশার মধ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার সম্পর্ক। তাঁদের এই স্নেহের বন্ধনই ভক্তদের কাছে দুজনকে ঘিরে তৈরি হওয়া কৌতূহলের একটি বড় কারণ।

হজের পর ‘বদলে যাওয়া মানুষ’ হাসান মাসুদ, অভিনয় থেকে কেন দূরে

হজ পালনের পর নিজের জীবনে বড় ধরনের ধর্মীয় ও মানসিক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। একসময় নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে প্রায় পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। পছন্দসই বিজ্ঞাপনের প্রস্তাব পেলে কেবল মাঝে মাঝে কাজ করছেন।সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনধারার পরিবর্তন ও অভিনয় থেকে দূরে থাকার কারণ জানান হাসান মাসুদ।তিনি বলেন, ‘আমি আসলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন আর নাটক বা সিনেমায় অভিনয় করি না। আমার ভেতরে একটা বড় পরিবর্তন এসেছে—একটু ভাববাদী তথা ধার্মিক হয়ে গিয়েছি। তাই এখন শুধু পছন্দসই বিজ্ঞাপনের কাজ পেলে করি, তা ছাড়া আর কিছু করি না।’সম্প্রতি পবিত্র হজ পালন করে মক্কা ও মদিনায় ৪১ দিন কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। তবে তাঁর এই পরিবর্তন হজ পালনের আগেই শুরু হয়েছিল বলে জানান হাসান মাসুদ।তাঁর ভাষায়, ‘পরিবর্তনটা হজের আগে থেকেই শুরু হয়েছিল, এখন বলতে পারেন আমি পুরোপুরি একজন বদলে যাওয়া মানুষ।’১২০০ বই বিক্রি করে দিয়েছেনসাক্ষাৎকারে নিজের বই পড়ার অভ্যাসের কথাও জানান হাসান মাসুদ। একসময় প্রচুর বই পড়তেন তিনি। তবে একপর্যায়ে অতিরিক্ত বই পড়ার কারণে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে জানান।হাসান মাসুদ বলেন, ‘এত বেশি পড়েছিলাম যে শেষের দিকে নিজেকে যন্ত্রের মতো মনে হতো, ভেতরে কোনো আবেগ কাজ করত না।’এরপর নিজের সংগ্রহে থাকা প্রায় ১ হাজার ২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। সেই সময় থেকে বই পড়ার অভ্যাসও ছেড়ে দিয়েছেন বলে জানান।সাংবাদিকতা থেকে অভিনয়েহাসান মাসুদের কর্মজীবনও ছিল বৈচিত্র্যময়। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর সাংবাদিকতায় যুক্ত হন।তিনি ‘দ্য নিউ নেশন’ ও ‘দ্য ডেইলি স্টার’-এ কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ‘মেড ইন বাংলাদেশ’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।টেলিভিশন নাটকেও তাঁর জনপ্রিয়তা ছিল ব্যাপক। ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘৬৯’, ‘বাতাসের ঘর’ ও ‘রঙের দুনিয়া’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।অভিনয়ের পাশাপাশি গান ও আবৃত্তিতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন হাসান মাসুদ। বর্তমানে অভিনয়ের ব্যস্ততার বদলে ধর্মীয় অনুশীলন ও অপেক্ষাকৃত নিরিবিলি জীবনযাপনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

হজের পর ‘বদলে যাওয়া মানুষ’ হাসান মাসুদ, অভিনয় থেকে কেন দূরে