ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রোহিঙ্গা ক্যাম্পে জনউপদ্রবের অভিযোগে চারজনের ছয় মাসের কারাদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে জনউপদ্রবের অভিযোগে চারজনের ছয় মাসের কারাদণ্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকায় জনসাধারণের চলাচল ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার অভিযোগে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ক্যাম্প-৪-এর সি/০৫ ব্লকের রশিদ (৪১), ক্যাম্প-১৯-এর বাসিন্দা আনোয়ার হোসেন (২৪) এবং ঘোনারপাড়া এলাকার নুরুল হাকিম (২৭) ও জসিম উদ্দীন (৩৫)।এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে ক্যাম্প-১৯-এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে ময়নারঘোনা ৮ এপিবিএনের ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ঘোষণার পর চারজনকে সিআইসি কার্যালয় থেকে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ময়নারঘোনা ৮ এপিবিএনের ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, জনসাধারণের চলাচল ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে।৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৮ এপিবিএন সব সময় তৎপর রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং জনউপদ্রব সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।