কালচারাল ফ্যাসিস্টরা এখনো সক্রিয়, সরকার ও বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে: বান্নাহ
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও সাংস্কৃতিক ফ্যাসিবাদ প্রতিহত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তাঁর অভিযোগ, আগের মতোই সক্রিয় রয়েছে ফ্যাসিবাদের সহযোগীরা। এমনকি বর্তমান সরকারের মন্ত্রী-সংসদ সদস্য এবং বিরোধী দলের প্রভাবশালী নেতাদেরও কালচারাল ফ্যাসিস্টদের সঙ্গে দেখা যাচ্ছে।শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘লক্ষ সুরের বাংলাদেশ তথ্য দূষণ করব শেষ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।মাবরুর রশিদ বান্নাহ বলেন, আওয়ামী লীগের শাসনামলে সরকারের সমালোচনা বা আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বললেই কাউকে জঙ্গি কিংবা রাজাকার আখ্যা দেওয়া হতো। এটি ছিল স্বৈরাচারের স্বাভাবিক বৈশিষ্ট্য। সাংস্কৃতিক অঙ্গনের একটি অংশ এসব কর্মকাণ্ডকে বৈধতা দিত। তাঁর ভাষায়, সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদ এখনো প্রতিহত করা যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর এটি অন্যতম বড় সংকট।তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং বিরোধী দলের প্রভাবশালী নেতাদের কালচারাল ফ্যাসিস্টদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যাচ্ছে। অথচ অতীতে এই গোষ্ঠীর কারণেই বহু মানুষের মা-বাবাকে কারাগারে থাকতে হয়েছে এবং ভাই-বোনদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে।সাংস্কৃতিক অঙ্গনে নতুন নেতৃত্ব গড়ার আহ্বানসাংস্কৃতিক ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে উল্লেখ করে বান্নাহ বলেন, রাতারাতি এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। সাংস্কৃতিক ফ্যাসিবাদের দুর্গের ভেতর থেকেই ঝুঁকি নিয়ে বাংলাদেশপন্থী সংস্কৃতিকর্মীদের
লড়াই ও কাজ চালিয়ে যেতে হচ্ছে।তিনি বলেন, অন্তত পাঁচজন নতুন ও শক্তিশালী বাংলাদেশপন্থী তরুণ মুখ তৈরি করা গেলে ভবিষ্যতে তাঁদের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে ১৫ ও ৩০-এ পৌঁছাবে। এর মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব হবে।জুলাইপন্থী সংস্কৃতিকর্মীদের হিটলিস্টের অভিযোগগুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরা জুলাইপন্থী সংস্কৃতিকর্মী ও আইকনদের হিটলিস্ট তৈরি করছে বলেও অভিযোগ করেন এই চলচ্চিত্র নির্মাতা।বান্নাহ বলেন, ফ্যাসিবাদী শাসনামলে র্যাব, পুলিশ ও বিভিন্ন বাহিনীতে থেকে যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিল, তারা স্বৈরাচারবিরোধী ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে রেখেছে। সেখানে অনেককে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে। বর্তমান সময়েও চিহ্নিত অপরাধী ও স্বৈরাচারের সহযোগীদের পক্ষ থেকে হুমকি অব্যাহত থাকা উদ্বেগজনক।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো গণহত্যাকারী কিংবা ফ্যাসিবাদের সহযোগীকে এ দেশে ছাড় দেওয়া হবে না। মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না।মৃত্যুর সিদ্ধান্ত জমিনে নির্ধারিত হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয় উল্লেখ করে বান্নাহ বলেন, শহীদদের আদর্শ ধারণ করে সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সব প্রচেষ্টা প্রতিহত করা হবে।জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুরকার ও সংগীতশিল্পী বাপ্পি খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি। এ সময় সংগীতশিল্পী আসফ আকবর উপস্থিত ছিলেন।