মানুষের নির্দেশনা ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত ও হামলা চালাতে সক্ষম এআইনির্ভর প্রাণঘাতী অস্ত্র নিয়ে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক আইন না থাকায় মানবিক ও নৈতিক ঝুঁকি আরও জটিল হচ্ছে।
কৃত্রিম
বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নে
বদলে যাচ্ছে যুদ্ধের ধরন। একসময় যুদ্ধক্ষেত্রে
অস্ত্র পরিচালনা ও হামলার সিদ্ধান্ত
নিতে মানুষের সরাসরি নির্দেশনা প্রয়োজন হতো। কিন্তু এখন
এমন অস্ত্র তৈরি হচ্ছে, যা
নিজেই শত্রুকে শনাক্ত করতে, লক্ষ্যবস্তু নির্বাচন করতে এবং হামলা
চালাতে পারে। ‘কিলার রোবট’ নামে পরিচিত এসব
প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ
বাড়ছে।
সামরিক
প্রযুক্তির দ্রুত অগ্রগতি হলেও এসব অস্ত্রের
ব্যবহার নিয়ন্ত্রণে এখনো কার্যকর আন্তর্জাতিক
আইন বা কাঠামো গড়ে
ওঠেনি। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী
স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ এবং কিছু ক্ষেত্রে
নিষিদ্ধ করার পথ খুঁজতে
সোমবার (১৬ নভেম্বর) সুইজারল্যান্ডের
জেনেভায় জাতিসংঘের উদ্যোগে একটি সম্মেলন শুরু
হচ্ছে।
বার্তা
সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা
হয়েছে, সম্মেলনে ‘কিলার রোবট’-এর ভবিষ্যৎ ব্যবহার,
মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রণের
প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হওয়ার
কথা রয়েছে। তবে প্রযুক্তির পরিবর্তনের
গতির সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক
আলোচনা কতটা এগোতে পারবে,
তা নিয়ে সংশয় রয়েছে
বিশেষজ্ঞদের।
কী এই প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র
প্রাণঘাতী
স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা বা ‘লেথাল অটোনোমাস
উইপনস সিস্টেমস’ (এলএডব্লিউএস) বলতে এমন অস্ত্রকে
বোঝায়, যা মানুষের সরাসরি
হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত, নির্বাচন এবং আক্রমণ করতে
পারে।
জেনেভা
সেন্টার ফর সিকিউরিটি পলিসির
বৈশ্বিক ও উদীয়মান ঝুঁকিবিষয়ক
প্রধান জ্যঁ-মার্ক রিকলির
মতে, এসব অস্ত্রের ক্ষেত্রে
লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে
হামলা চালানোর গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করতে মানব পরিচালকের
সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয় না।
অবশ্য
স্বয়ংক্রিয় অস্ত্রের ধারণা নতুন নয়। ফ্রান্সের
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের
(আইএফআরআই) প্রযুক্তি ভূরাজনীতি কেন্দ্রের গবেষক লর দ্য রুসি-রশগন্দে বলেন, পদাতিক মাইনও একধরনের স্বয়ংক্রিয় অস্ত্র। কারণ, কেউ এর ওপর
পা রাখলেই এটি বিস্ফোরিত হয়।
তবে
কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি, বিশেষ করে এআইচালিত ড্রোনের
বিস্তারের ফলে পরিস্থিতি বদলে
গেছে। এসব অস্ত্র এখন
আগে থেকে নির্ধারিত লক্ষ্যবস্তুর
বাইরেও নতুন লক্ষ্য শনাক্ত
করতে এবং পরিস্থিতি অনুযায়ী
নিজেদের কার্যক্রম পরিবর্তন করতে সক্ষম হচ্ছে।
এ
কারণে অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণে মানুষের নিয়ন্ত্রণ কতটুকু থাকবে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ
প্রশ্ন হয়ে উঠেছে।
অস্ত্র ব্যবহারে দেশগুলোর অবস্থান ভিন্ন
স্বয়ংক্রিয়
অস্ত্রের ব্যবহার নিয়ে বিভিন্ন দেশের
নীতিগত অবস্থানে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র এসব অস্ত্র ব্যবহারের
ক্ষেত্রে ‘মানবিক বিচার-বিবেচনার যথাযথ মাত্রা’ বজায় রাখার পক্ষে।
অন্যদিকে
ফ্রান্স সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধ রাখার অবস্থান নিয়েছে। তবে আংশিক স্বয়ংক্রিয়
অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে চায় দেশটি।
ফ্রান্সের
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থার উপপরিচালক রিয়ার অ্যাডমিরাল ভিনসেন্ট সেবাস্তিয়েন বলেন, সামরিক কমান্ডারের যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে অস্ত্র ব্যবহারে মানুষের ভূমিকা নিশ্চিত করা হয়। তবে
অস্ত্রের ঝুঁকি এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি
অনুযায়ী এই নিয়ন্ত্রণের ধরন
ভিন্ন হতে পারে।
মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেবে যন্ত্র?
স্বয়ংক্রিয়
অস্ত্র নিয়ে সবচেয়ে বড়
উদ্বেগের জায়গা নৈতিকতা। কোনো মানুষকে হত্যা
করার সিদ্ধান্ত একটি যন্ত্রের হাতে
ছেড়ে দেওয়া কতটা গ্রহণযোগ্য, তা
নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক চলছে।
গত
আগস্টে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক রেডক্রস
কমিটির সভাপতি মিরজানা স্পোলিয়ারিচ এক যৌথ বিবৃতিতে
এ বিষয়ে সতর্ক করেন।
তাঁরা
বলেন, মানুষকে লক্ষ্যবস্তু বানানোর সিদ্ধান্ত যখন যন্ত্র নিজেই
নিতে শুরু করে, তখন
বিশ্ব একটি বিপজ্জনক নৈতিক
সীমারেখা অতিক্রমের কাছাকাছি পৌঁছে যায়।
বিশ্লেষকদের
মতে, জেনেভার সম্মেলনে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আলোচনা হলেও
যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহারের বিস্তৃত
চিত্র সেখানে যথেষ্ট গুরুত্ব পাবে না।
জ্যঁ-মার্ক রিকলি বলেন, সম্মেলনের আলোচ্যসূচি বেশ সীমিত। যুদ্ধক্ষেত্রে
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার এবং লক্ষ্যবস্তু নির্ধারণে
এর ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো
এতে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
উদাহরণ
হিসেবে তিনি চলতি বছরের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের
কথা উল্লেখ করেন। তাঁর দাবি, ওই
যুদ্ধে মার্কিন বাহিনী প্রতিদিন ইরানের ভেতরে প্রায় এক হাজার লক্ষ্যবস্তুতে
হামলা চালিয়েছে।
গবেষক
লর দ্য রুসি-রশগন্দের
মতে, লক্ষ্যবস্তু নির্ধারণ ও সামরিক সিদ্ধান্ত
গ্রহণে এআই ব্যবহারের ফলে
নানা ঝুঁকি তৈরি হতে পারে।
ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির
ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়েছে।
তাঁর
মতে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যন্ত্রের দেওয়া
সুপারিশে মানুষের ভূমিকা কি শুধু আনুষ্ঠানিক
অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি অস্ত্র ব্যবহারের
আগে সামরিক কর্মকর্তারা সত্যিকার অর্থেই নিজস্ব বিচার-বিবেচনা প্রয়োগ করবেন?
যুদ্ধক্ষেত্রে বাড়ছে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার
জেনেভার
সম্মেলনে আলোচনার কেন্দ্রে থাকা সম্পূর্ণ স্বয়ংক্রিয়
প্রাণঘাতী অস্ত্র এখনো ব্যাপকভাবে ব্যবহৃত
না হলেও ইউক্রেনে রাশিয়ার
আগ্রাসন এবং ইরানে যুক্তরাষ্ট্রের
হামলায় এ ধরনের অস্ত্র
ব্যবহারের নজির পাওয়া গেছে
বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।
তাঁদের
আশঙ্কা, আগামী দিনে যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয়
অস্ত্রের ব্যবহার আরও দ্রুত বাড়বে।
রিয়ার
অ্যাডমিরাল ভিনসেন্ট সেবাস্তিয়েন সতর্ক করে বলেন, যুদ্ধক্ষেত্রে
স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যাপক ব্যবহার খুব দ্রুত বাস্তবতায়
পরিণত হবে।
জাতিসংঘের
মহাসচিব গুতেরেস ও রেডক্রসের সভাপতি
স্পোলিয়ারিচও তাঁদের যৌথ বিবৃতিতে বলেছেন,
স্বয়ংক্রিয় অস্ত্র কোনো দূরবর্তী ভবিষ্যতের
বিষয় নয়। অস্ত্রব্যবস্থাকে আরও
বেশি স্বয়ংক্রিয় করে তোলার প্রতিযোগিতা
ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
তবে
এসব প্রযুক্তির সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের
প্রধান দারিও আমোদেই চলতি বছর সতর্ক
করে বলেন, বর্তমানের অত্যাধুনিক এআই ব্যবস্থা সম্পূর্ণ
স্বয়ংক্রিয় অস্ত্র পরিচালনার জন্য এখনো যথেষ্ট
নির্ভরযোগ্য নয়।
ড্রোনের ঝাঁক হয়ে উঠছে নতুন সামরিক কৌশল
প্রযুক্তিগত
সীমাবদ্ধতা থাকলেও সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে স্বয়ংক্রিয় অস্ত্র তৈরির আগ্রহ কমার সম্ভাবনা দেখছেন
না বিশেষজ্ঞরা।
বিশেষ
করে একসঙ্গে বিপুলসংখ্যক ড্রোনের ঝাঁক ব্যবহার করে
শত্রুপক্ষের প্রতিরক্ষাব্যবস্থাকে চাপে ফেলার কৌশল
দেশগুলোর কাছে আকর্ষণীয় হয়ে
উঠছে। একযোগে বহু ড্রোন হামলা
চালালে প্রতিপক্ষের প্রতিরোধক্ষমতা ভেঙে দেওয়া সম্ভব
হতে পারে।
জ্যঁ-মার্ক রিকলির মতে, কিছু দেশ
এ ধরনের প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা হিসেবে বিবেচনা করছে।
চলতি
বছরের জানুয়ারিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও স্বয়ংক্রিয় ড্রোনের ঝাঁককে যুদ্ধের ‘নতুন চেহারা’ হিসেবে
বর্ণনা করে।
কেমব্রিজ
বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী এবং স্মল ওয়ারস
জার্নালের গবেষক জেরাল্ড মাকোর মতে, তীব্র সামরিক
প্রতিযোগিতার এই সময়ে যে
দেশ প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী হামলাকে স্বাভাবিক সামরিক কৌশল হিসেবে প্রতিষ্ঠা
করবে, তারা অন্য দেশগুলোর
জন্যও নতুন মানদণ্ড তৈরি
করে দেবে।
ফলে
সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা এবং মানবিক ও
নৈতিক ঝুঁকির মুখোমুখি দাঁড়িয়ে আছে বিশ্ব। বিশেষজ্ঞদের
আশঙ্কা, আন্তর্জাতিকভাবে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দেরি হলে মানুষের
জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্রমেই চলে যেতে পারে
যন্ত্রের হাতে।
সূত্র: এএফপি ও ডন