নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল। এ লক্ষ্যে শনিবার (১৪ নভেম্বর) কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা একটি কর্মসূচি পালন করেন। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক ২ নম্বর যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ।
কর্মসূচিতে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অন্যতম স্লোগান ছিল, ‘যেখানে সন্ত্রাস, সেখানেই প্রতিরোধ’। এ সময় তাঁরা ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান।
রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারত্ব কিংবা নৈরাজ্যের কোনো স্থান থাকতে পারে না। ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যম।
তিনি বলেন, কোনো অপশক্তি যাতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি-দাওয়ায় পাশে থাকা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাকে তাঁরা রাজনৈতিক দায়িত্ব হিসেবে দেখেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরাও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে তাঁরা সোচ্চার থাকবেন। ক্যাম্পাসে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।
কর্মসূচি শেষে রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের প্রতিরোধমূলক অবস্থান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।